শাহজালালে সোয়া দুই কেজি সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পৃথকভাবে দুই কেজি ২০০ গ্রাম সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, মালয়েশিয়া থেকে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের কয়েকজন যাত্রীর কাছ থেকে উদ্ধার হওয়া ওই সোনার বাজারমূল্য প্রায় এক কোটি ১০ লাখ টাকা।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. আবদুর রশিদ (৪৭)। তাঁর বাড়ি কুমিল্লায়। তাঁর কাছ থেকে সোনার তিনটি বার উদ্ধার করা হয়েছে। এর ওজন এক কেজি ৫০০ গ্রাম।

একই বিমানের অপর চার যাত্রীর কাছ থেকে ৭০০ গ্রাম সোনা উদ্ধার করে শুল্ক গোয়েন্দা বিভাগ। তাঁদের জরিমানা (ডিটেনশন মেমো) করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, বিমানটিতে থাকা কয়েকজন যাত্রীর কাছে সোনা আছে বলে গোপন সূত্রে খবর পাওয়া যায়। বিমানটি ঢাকায় অবতরণের পর আবদুর রশিদকে জিজ্ঞাসাবাদ করে শুল্ক বিভাগ। সোনা বহনের কথা অস্বীকার করেন তিনি। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হলে তাঁর ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগের মধ্যে কাপড় দিয়ে মোড়ানো প্রতিটি ৫০০ গ্রাম ওজনের তিনটি সোনার বার উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এই শীর্ষ কর্মকর্তা বলেন, একই ফ্লাইটের অপর চার যাত্রীর কাছ থেকে ৭০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে দুই কেজি ২০০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে।