শাহজালালে ১ কোটি ২০ লাখ রুপিসহ একজন গ্রেপ্তার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শনিবার রাতে ১ কোটি ২০ লাখ ভারতীয় রুপিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে শুল্ক বিভাগ। গ্রেপ্তারকৃত ওই যুবকের নাম মো. নূরুল্লাহ (২৮)। উদ্ধার হওয়া রুপিগুলো আসল কি না, সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেননি শুল্ক কর্মকর্তারা।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (এসি-প্রিভেনটিভ) শহীদুজ্জামান সরকার প্রথম আলোকে বলেন, সৌদি আরবের জেদ্দায় অবৈধভাবে বসবাস করতেন ফেনী জেলার বাসিন্দা নূরুল্লাহ। সম্প্রতি তাঁকে সৌদি আরব থেকে বহিষ্কার করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এমিরেটস এয়ারলাইনসে করে জেদ্দা থেকে পাকিস্তানের করাচি হয়ে গতকাল সন্ধ্যায় ঢাকায় আসেন তিনি।
এসি শহীদুজ্জামান সরকার বলেন, গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেলের সামনে নূরুল্লাহর সঙ্গে থাকা ওয়াশিং মেশিন ও ব্যাগের ভেতর থেকে ভারতীয় রুপিগুলো উদ্ধার করেন শুল্ক কর্মকর্তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূরুল্লাহ শুল্ক কর্মকর্তাদের বলেন, করাচি বিমানবন্দরে এক অচেনা ব্যক্তি তাঁকে ওয়াশিং মেশিন ও ব্যাগটি বহন করতে দিয়েছিলেন।
প্রথমে ওয়াশিং মেশিনের ভেতর ৪০ লাখ রুপি পাওয়া যায়। পরে নূরুল্লাহর দেওয়া তথ্যমতে রাত সোয়া ১০টার দিকে কনভেয়ার বেল্টের সামনে একটি ব্যাগের ভেতর আরও ৮০ লাখ রুপি উদ্ধার করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।