শাহজালালে ১১ লাখ টাকার সিগারেট-ওষুধ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শনিবার দুপুরে প্রায় সোয়া ৩০০ কার্টন বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট ও বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

গোয়েন্দা অধিদপ্তরের দাবি, উদ্ধার হওয়া সিগারেট ও ওষুধের দাম প্রায় ১১ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, দুপুর ১২টার দিকে কাস্টমস হলের নম্বর বেল্টের সামনে পরিত্যক্ত অবস্থায় দুটি ব্যাগের মধ্যে সিগারেট ও ওষুধ পাওয়া যায়। এগুলো পিআইএর ফ্লাইটে করে পাকিস্তান থেকে ঢাকা এসেছিল। একটি ব্যাগে ইজি লাইট ১৭৭, ইজি স্পেশাল গোল্ড ৮০, ইজি ব্ল্যাক ৫৮ ও বেনসন পাঁচ কার্টন সিগারেট রয়েছে। এসব সিগারেটের দাম সাড়ে ছয় লাখ টাকা। অন্য ব্যাগে ৪ হাজার ২০০টি রিটেলিন ট্যাবলেট, ৪৫০টি ইনজেকশন ও ৪০টি মলম পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে তিনি জানান।