শাহজালালে ১২ কোটি টাকার সোনাসহ আটক ১

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার রাতে প্রায় ২৩ কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক কর্মকর্তারা। আটক যাত্রীর নাম মজিদ মো. আতাউল (৩২)।
গতকাল রাত সাড়ে ১১টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমান অবতরণের পর তাঁকে আটক করা হয়। মজিদ মো. আতাউল ওই বিমানে এসে ঢাকায় নামেন। তাঁর বাড়ি সৈয়দপুরে।
শুল্ক কর্মকর্তাদের দাবি, মজিদ মো. আতাউলের কাছ থেকে ২২৫টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ২৩ কেজি। মূল্য আনুমানিক ১২ কোটি টাকা।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) এ এইচ এম আহসানুল কবির প্রথম আলোকে বলেন, মজিদ মো. আতাউল ধোঁকা দেওয়ার জন্য হুইলচেয়ারে করে রোগীর বেশে আসছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে তল্লাশি করা হয়। এ সময় তাঁর কোমরে বিশেষভাবে তৈরি করা বেল্ট ও অন্তর্বাসের ভেতর থেকে ২২৫টি সোনার বার এবং বেশ কিছু সোনার তৈরি গয়না উদ্ধার করা হয়। যার মূল্য ১২ কোটি টাকার বেশি। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।