শাহজালালে ১৬ কেজি তরল তামাক জব্দ

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬ কেজি তরল তামাক জব্দ করা হয়েছে। বিমানবন্দরের কুরিয়ার ইউনিটে অভিযান চালিয়ে চালানটি জব্দ করেন শুল্ক গোয়েন্দারা।
গতকাল সোমবার সকালে চালানটি কুরিয়ার গেট দিয়ে বের করা হচ্ছিল। এ সময় গোয়েন্দারা এটি জব্দ করেন।
চালানে বিভিন্ন ব্রান্ডের তরল তামাক বোতলজাত করে আনা হচ্ছিল। এগুলো ই-সিগারেটের রিফিল হিসেবে ব্যবহার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক শফিউর রহমান প্রথম আলোকে বলেন, তামাকের এই চালান ঢাকার শেওড়াপাড়ার ভেইপ কোম্পানি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছিল। তবে এটি ‘ইন্ডাস্ট্রি ওয়েল’ পণ্য হিসেবে মিথ্যা ঘোষণা দিয়ে আনা হয়েছিল।
শফিউর রহমান বলেন, চালানে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, ২২ কেজি ওজনের পার্সেলের ভেতর ১৬ কেজি তরল তামাক রয়েছে। মিথ্যা ঘোষণা দিয়ে তরল তামাক এনে প্রায় ১৬ লাখ টাকা কর ফাঁকি দেওয়া হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।