শাহজালালে ২০ লাখ টাকার আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক আমদানি নিষিদ্ধ ২০ লাখ টাকার সিগারেট, ক্রিম ও মোবাইল ফোন। ছবি: সংগৃহীত
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক আমদানি নিষিদ্ধ ২০ লাখ টাকার সিগারেট, ক্রিম ও মোবাইল ফোন। ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অভিযানে আমদানি নিষিদ্ধ ২০ লাখ টাকার সিগারেট, ক্রিম ও মোবাইল ফোন জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সংস্থাটির মহাপরিচালক মো. সহিদুল ইসলাম প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ রোববার দুপুরে দুবাই থেকে আসা একজন যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ১০ হাজার শলাকা বিদেশি সিগারেট, ১০০ গ্রাম সোনার অলংকার, পাঁচটি মোবাইল ফোন ও প্রায় ১৩ কেজি আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয়। এসব পণ্যের দাম প্রায় ২০ লাখ টাকা।
জানা গেছে, মো. ওমর ফারুক নামের এক যাত্রী দুবাই থেকে ৯ ডব্লিউ ৫১৭ ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে আসেন। তিনি ৬ নম্বর বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানার ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল দিয়ে দ্রুত বেরিয়ে যাওয়ার সময় শুল্ক গোয়েন্দার সদস্যরা তাঁকে চ্যালেঞ্জ করে। পরে তাঁর মালামাল তল্লাশি করে তাঁর কাছ থেকে ওই সব পণ্য জব্দ করে।
শুল্ক গোয়েন্দা জানায়, আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০ শতাংশ) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গোরি ক্রিম পাকিস্তান থেকে আমদানি করা হয়। এই ক্রিমে অতিরিক্ত মার্কারি থাকায় বিএসটিআইয়ের মান নিয়ন্ত্রণ পরীক্ষায় এটি ব্যর্থ হওয়ায় বিভিন্ন কাস্টমস হাউসে উক্ত ক্রিম আটক করা হয়। তাই চোরাচালানের উদ্দেশ্যে এই ক্রিমগুলো আনা হয়েছে বলে যাত্রী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।
শুল্ককরসহ আটক পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় বিশ লাখ টাকা। জব্দকৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।