শাহজালালে কোটি টাকার ইলেকট্রনিক পণ্য, ওষুধ ও সিগারেট জব্দ
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সোমবার আলাদা তিনটি অভিযানে ২০০টি ট্যাবলেট পিসি (ট্যাব), ৩০৩ বক্স ওষুধ ও ১২০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ষ এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তাদের দাবি, জব্দ করা পণ্যের মূল্য এক কোটি টাকার বেশি।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মইনুল খান বলেন, চীনে তৈরি ট্যাবগুলো ১৩টি কার্টনে করে গত ৪ মে হংকং থেকে ঢাকায় আনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এগুলো জব্দ করা হয়। তিনি আরও জানান, মিডলাইন এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্যগুলো এসেছে। প্রাপকের নাম লেখা ইউসিসি টেকনোলজি লিমিটেড। আমদানি নীতি লঙ্ঘন করে পণ্যগুলো আনা হয়েছে। এর দাম প্রায় ৫০ লাখ টাকা।
সকাল ১০টার দিকে বিমানবন্দরের কুরিয়ার গেট থেকে অনুমোদনহীন ৩০৩ কার্টন বিদেশি ওষুধ জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ দল। জব্দ করা ওষুধগুলো ক্যানসার, কিডনি ও প্রজনন চিকিৎসায় ব্যবহার করা হয়। কার্টনগুলোতে এসব ওষুধ আমদানিকারকের নাম, ঠিকানা ছিল না বলে জানান ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার। জব্দ করা ওষুধের মূল্য ৫০ লাখ টাকা।
এদিকে, বিমানবন্দরে আজ সকাল আটটার দিকে এক যাত্রীর কাছ থেকে ১২০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ দল। মালয়েশিয়া থেকে আসা বাংলাদেশ বিমানের মো. মনিরুজ্জামান নামে এক যাত্রীর কাছ থেকে এসব সিগারেট জব্দ করা হয়। তিনি মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার প্রথম আলোকে জানান, বৈধ কাগজপত্র না থাকায় এসব সিগারেট জব্দ করা হয়েছে। ইজি ব্ল্যাক ব্র্যান্ডের সিগারেটের মূল্য পৌনে দুই লাখ টাকা।