শাহজালালে ২২০ কার্টন বিদেশি সিগারেট জব্দ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২২০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
আজ সোমবার ভোর পাঁচটার দিকে মুহাম্মদ ইসমাইল নামে পাকিস্তানের এক নাগরিকের কাছ থেকে এসব সিগারেট জব্দ করা হয়।
শুল্ক বিভাগের দাবি, ইজি স্পেশাল গোল্ড ব্র্যান্ডের এসব সিগারেটের মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা।
প্রথম আলোকে দেওয়া শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক মুস্তাফিজুর রহমানের তথ্যমতে, করাচি থেকে দোহা হয়ে কাতার এয়ারলাইনসে করে ভোরে ঢাকায় আসেন ইসমাইল। ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ বাক্যটি মোড়কে উল্লেখ না থাকায় আমদানি-নিষিদ্ধ পণ্য হওয়ায় সিগারেটের কার্টনগুলো জব্দ করা হয়েছে। এগুলো শুল্ক গুদামে জমা করে বিভাগীয় মামলা করা হয়েছে।
এর আগে গতকাল রোববার নূরুল ইসলাম নামের আরেক পাকিস্তানি নাগরিকের কাছ থেকে ১০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।