শাহজালালে ২৪ লাখ টাকার সোনাসহ আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ মঙ্গলবার পাঁচটি সোনার বারসহ দুজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এঁরা হলেন মো. ফিরোজ (৩৮) ও মো. নাজিফ (৩২)।
এপিবিএনের দাবি, আটক দুজনের কাছ থেকে উদ্ধার হওয়া সোনার মূল্য ২৪ লাখ টাকা।
এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার প্রথম আলোকে জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বিদেশ থেকে এক যাত্রীর কাছ থেকে এসব সোনার বার নিয়ে বিমানবন্দরের ২ নম্বর ক্যানপি দিয়ে বের হয়ে যাচ্ছিলেন ফিরোজ ও নাজিফ। এ সময় এপিবিএনের সদস্যরা তাঁদের তল্লাশি করে সোনার বারগুলো জব্দ করেন। ফিরোজের প্যান্টের পকেটে তিনটি ও নাজিফের প্যান্টের পকেটে দুটি বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম। তবে আটক দুজন যে যাত্রীর কাছ থেকে সোনার বারগুলো নিয়েছিলেন তাঁর নাম জানা যায়নি।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।