শাহজালালে ৪ ডলার ব্যবসায়ীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধ ডলার ব্যবসার দায়ে আজ সোমবার সকাল নয়টার দিকে চারজনকে গ্রেপ্তার করে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন সুজন আকন্দ (২৯), সাইফুল (৩২), খোরশেদ (২৭) ও মাঈন উদ্দিন (৩৫)।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বলছে, বিমানবন্দরের বহির্গমন ৬ নম্বর গেটের বাইরে ওই ব্যক্তিরা বিদেশগামী যাত্রীদের কাছে চড়া দামে বৈদেশিক মুদ্রা বিক্রি করে। এভাবে তাঁরা যাত্রী হয়রানি ও গণউপদ্রব সৃষ্টি করে। সেখানে কর্তব্যরত এয়ারপোর্ট আর্মড পুলিশের সদস্যরা তাঁদের আটক করে।

ওই ব্যক্তিদের দেহ তল্লাশি করে ১৮৫ সৌদি রিয়াল, ৩৫০ মালয়েশিয়ার রিঙ্গিত, ৪০ ইউএস ডলার, সাতটি বাহরাইনের দিনার, ২৮ ওমানের রিয়াল, ৪০ সিঙ্গাপুরের ডলার, ইউনাইটেড আরব আমিরাতের ৬০ দিরহাম, কাতারের ১০ রিয়াল জব্দ করা হয়। পরে তাঁদের বিমানবন্দর ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। ম্যাজিস্ট্রেট তাঁদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।