শাহজালালে ৪৩ কেজি সোনার বার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৩ কেজি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
আজ বুধবার ভোর চারটার দিকে বিমানবন্দরের মালামাল রাখার স্থান (ফ্রাইট ইউনিট) থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খানের তথ্যমতে, মোট ৪৩টি সোনার বার উদ্ধার করা হয়েছে। প্রতিটি বারের ওজন এক কেজি। উদ্ধার হওয়া সোনার বারের দাম প্রায় ২১ কোটি ৫০ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়, গতকাল রাত নয়টায় সিঙ্গাপুর থেকে ঢাকায় আসা একটি বিমানে ওই সোনার বারগুলো আসে। বারগুলো তিনটি কার্টনের মধ্যে রাখা ছিল। চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত পোশাক তৈরির একটি কারখানার নামে কার্টনগুলো আসে। আজ ভোর চারটায় বিমানবন্দরের ফ্রাইট ইউনিট থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।