শাহজালালে ৪৫ কেজি সোনা উদ্ধার, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শনিবার মালয়েশীয় তিন নাগরিকের কাছ থেকে ৪৫ কেজি ওজনের ৪৫টি সোনার বার উদ্ধার করা হয়েছে। কাস্টম হাউস বলছে, এর আনুমানিক মূল্য সাড়ে ২২ কোটি টাকা।

আটক ব্যক্তিরা হলেন, ই উইল কং (৩৮), জোহারি বিন হারুন (৪১) ও মো. আজওয়ান বিন সালেহীন (২১)। তাঁদের মধ্যে কংয়ের কাছে ২১টি বার ছিল। বাকি দুজনের কাছে ১২টি করে মোট ২৪টি বার ছিল। সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকারের নেতৃত্বে ঢাকা কাস্টম হাউস এ অভিযান চালায়।

ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার এস এম সোহেল রহমানের ভাষ্য, গোপন খবরের ভিত্তিতে তাঁরা গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটা থেকে বিমানবন্দরে নজরদারি করছিলেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে ওই তিন বিদেশি মালয়েশিয়া এয়ারলাইনসে করে কুয়ালালামপুর থেকে আসেন। গ্রিন চ্যানেল পার হওয়ার পর তাঁদের দেহ তল্লাশি করে সোনার বারগুলো পাওয়া যায়।

এস এম সোহেল রহমান আরও বলেন, ৩৩টি বারের মধ্যে সুইফ ওয়ান কিলো ফাইন গোল্ড ৯৯৯.৯ লেখা ছিল। আর বাকি ১২টি বারের মধ্যে রয়েল কানাডিয়ান মিন্ট ১ কিলো ফাইন গোল্ড লেখা ছিল।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হওয়ার কথা।