শাহজালালে ৫১০ দামি কচ্ছপ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সোমবার সকালে বিদেশে পাচারের সময় ৫১০টি কচ্ছপ উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ।
পরে কচ্ছপগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করে শুল্ক কর্তৃপক্ষ। বন বিভাগের দাবি, উদ্ধার হওয়া কচ্ছপের বাজারমূল্য সোয়া ১০ লাখ টাকা।
প্রথম আলোকে দেওয়া ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কাজী মুহাম্মদ জিয়া উদ্দিনের ভাষ্য, সকাল ১০টার দিকে বিমানবন্দরের হেভি লাগেজ গেট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব কচ্ছপ উদ্ধার করা হয়। রপ্তানি-নিষিদ্ধ কচ্ছপগুলো মালয়েশিয়ায় পাচার করা হচ্ছিল। পাচারকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
বন বিভাগের অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক প্রথম আলোকে বলেন, কালো চিত্রা প্রজাতির এসব কচ্ছপ দুটি ব্যাগের মধ্যে ভরে পাচার করা হচ্ছিল। প্রতিটি কচ্ছপের মূল্য প্রায় দুই হাজার টাকা।
অসীম মল্লিক জানান, বিদেশে এই প্রজাতির কচ্ছপের মাংস দিয়ে স্যুপ এবং এর খোলস দিয়ে পার্স বানানো হয়।
আটক কচ্ছপগুলো গাজীপুর সাফারি পার্কে পাঠানো হবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।