শাহজালালে ৫৫ লাখ টাকার ওষুধ জব্দ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আলাদা দুটি অভিযানে ৫৫ লাখ টাকার নকল ও আমদানি নিয়ন্ত্রিত ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুক্রবার দিনগত রাতে থাইল্যান্ড ও চট্টগ্রাম থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে এসব ওষুধ জব্দ করা হয়।
আজ শনিবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মো. সহিদুল ইসলাম প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন।
জানা গেছে, শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টায় অভিযান চালিয়ে আব্দুল মান্নান নামের এক যাত্রীর কাছ থেকে আমদানি নিয়ন্ত্রিত ৫০ লাখ টাকার ওষুধ জব্দ করা হয়। জব্দ করা ওষুধগুলো হৃদ্রোগ, হাইপারটেনশন, লিভার রোগ, মূত্র রোগের চিকিৎসায় ব্যবহার হয়।
সংস্থাটি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা লাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি করছিল। ওই যাত্রী ২ নম্বর বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানার ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল দিয়ে দ্রুত বেরিয়ে যাচ্ছিলেন। এ সময় তাঁর গতিরোধ করা হয় এবং পরে কাস্টম হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তাঁর সঙ্গে থাকা দুটি লাগেজ খুলে বিদেশি ওষুধগুলো জব্দ করা হয়। এসব ওষুধের বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
অন্যদিকে প্রায় একই সময় আরেক অভিযানে রাকিবুল হাসান সুমন নামের এক যাত্রীর কাছ থেকে ৫ লাখ টাকার ওষুধ জব্দ করা হয়। এসব ওষুধ ক্যানসার চিকিৎসার কেমোথেরাপিতে ব্যবহৃত হয়। ওই যাত্রী চট্টগ্রাম থেকে বিএস-১১০ ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।
জব্দ করা ওষুধ কাস্টম গুদামে জমা করে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।