শাহজালালে ৬৫ লাখ টাকার সোনাসহ দুজন আটক
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ৩০০ গ্রাম সোনাসহ দুজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আজ শুক্রবার সন্ধ্যায় তাঁদের আটক করা হয়। আটক সোনার বাজারমূল্য ৬৫ লাখ টাকা।
আটক দুই ব্যক্তি হলেন সৌদি এয়ারলাইনসের ক্রু পোর্টার নাজির আহমেদ ও ফরিদপুরের বাসিন্দা আসলাম খান।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মাইনুল খান প্রথম আলোকে বলেন, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টিআর ২৬৫৬ ফ্লাইটের একটি বিমানে করে ওই সোনাগুলো শাহজালালে আনা হয়। তিনি বলেন, বিমানবন্দরের বোর্ডিং ব্রিজে নাজির আহমেদ সোনাগুলো (সাতটি বার ও চেইন আসলামের কাছ থেকে) গ্রহণ করেন। নাজির এগুলো পাচারের চেষ্টা করেছিলেন। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরের ইমিগ্রেশন হলে তাঁকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদ করে তাঁর (নাজির) কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আসলামকেও আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।