শাহজালালের ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের মো. মেহেদী হাসান, খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের (এফইটি) একই সেমিস্টারের মো. আরিফুল হক ওরফে সনি, সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের মো. নজরুল ইসলাম ও একই বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের মো. খলিলুর রহমান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় ফুড কোর্ট এলাকায় সহকারী প্রক্টর মিরাজুল ইসলামের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে এবং প্রক্টরিয়াল বডির সুপারিশের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নাম প্রকাশ না করার শর্তে প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এই শিক্ষার্থীদের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, ভাঙচুরসহ শৃঙ্খলাবিরোধী বেশ কিছু অভিযোগ ছিল। তাই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে প্রক্টরিয়াল বডি।
দাপ্তরিক আদেশে সাময়িক বহিষ্কৃত ওই চারজনকে বহিষ্কারকাল পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান না করার জন্য বলা হয়েছে।