শাহজালালের ৪ শিক্ষার্থীকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। 

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের মো. মেহেদী হাসান, খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের (এফইটি) একই সেমিস্টারের মো. আরিফুল হক ওরফে সনি, সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের মো. নজরুল ইসলাম ও একই বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের মো. খলিলুর রহমান। সাময়িক বহিষ্কৃত ওই চারজনকে বহিষ্কারকাল পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান না করার জন্য বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় ফুড কোর্ট এলাকায় সহকারী প্রক্টর মিরাজুল ইসলামের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে এবং প্রক্টরিয়াল বডির সুপারিশের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নাম না প্রকাশের শর্তে প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এই শিক্ষার্থীদের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, ভাঙচুরসহ শৃঙ্খলাবিরোধী বেশ কিছু অভিযোগ ছিল। তাই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে প্রক্টরিয়াল বডি।

ছাত্রলীগ ও প্রশাসন সূত্রে জানা গেছে, বহিষ্কৃত চার শিক্ষার্থী ছাত্রলীগের কর্মী। তাঁদের বিরুদ্ধে ছাত্রলীগের নাম ব্যবহার করে ক্যাম্পাসে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার আরও অভিযোগ রয়েছে।
মোবাইল ফোনে যোগাযোগ করা হলে রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন ওই চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের বিষয়টি প্রথম আলোকে জানান।
এ ব্যাপারে জানতে চাইলে সহকারী প্রক্টর মিজারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গত শনিবার বিকেলে চারজনকে মারামারি করতে দেখে আমি তাদের নিবৃত্ত করতে গিয়েছিলাম। তখন তারা আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে।’