শাহজাহানপুরে ডাকাতি, তিন ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহজাহানপুরের একটি বাসায় ডাকাতির ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাতে শাহজাহানপুর থানার পুলিশ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোহেল ওরফে জামাই সোহেল (২৮), বাবুল হোসেন (২৪) ও কবির হোসেন ওরফে মনা (২৩)। এর মধ্যে সোহেল ডাকাত দলের নেতা বলে জানিয়েছে পুলিশ। ডাকাত দলের আরও তিন সদস্য পলাতক রয়েছেন।

শাহজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটা থেকে শুক্রবার সকাল সাড়ে আটটা পর্যন্ত ৩৮১ নম্বর শাহজাহানপুরের একটি বাসার নিচতলায় ডাকাতি হয়। ছয়জন ডাকাত ওই বাসার সবাইকে বেঁধে জিম্মি করে ফেলে। এরপর বাসা থেকে ৬০-৭০ হাজার টাকা, ল্যাপটপ, দামি ডিএসএলআর ক্যামেরা, মুঠোফোন, ৬-৭ ভরি স্বর্ণালংকার লুট করে। এ সময় ডাকাতদের আঘাতে একজন আহত হন। বাসার কর্তা একজন সরকারি কর্মকর্তা। এ ঘটনায় থানায় তিনি একটি মামলা করেন।