শাহজাহানপুরে পরিত্যক্ত ব্যাগ থেকে নবজাতক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজাহানপুর রেলওয়ে কলোনির চারতলা একটি ভবনের দ্বিতীয় তলা থেকে একটি বাজারের থলির ভেতর গামছায় প্যাঁচানো অবস্থায় একটি নবজাতককে উদ্ধার করা হয়েছে। নবজাতকটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছে। তবে কে বা কারা শিশুটিকে ফেলে গেছে তা জানা যায়নি।

রেলওয়ে কলোনির ওই ভবনটির দ্বিতীয় তলার বাসিন্দা অবসরপ্রাপ্ত রেল চালক আবদুর রশিদ জানান, বেলা সাড়ে তিনটার দিকে তিনি সিঁড়িতে ব্যাগটি পড়ে থাকতে দেখেন। শিশুর অস্তিত্ব বুঝতে পেরে তিনি স্থানীয় লোকজনকে জানান। পরে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন।
নবজাতকটির ঠোঁট ও নাকের কিছু অংশ কাটা। কাটা অংশটি জন্মগত। ধারণা করা হচ্ছে এ কারণে নবজাতকটিকে কেউ ফেলে গেছে।
শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক।