শাহজাহানপুরে বাসায় ঢুকে তিন বোনকে কুপিয়েছে দুর্বৃত্তরা
রাজধানীর শাহজাহানপুরে গতকাল সোমবার ভোরে বাসায় ঢুকে তিন বোনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পুলিশ ধারণা করছে, এটা চোরদের কাজ।
এ ঘটনায় আহতেরা হলেন নাহিদ আক্তার (৩০), পলি আক্তার (২৫) ও রোজি আক্তার (২০)।
গতকাল সকালে আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনের মধ্যে পলি আক্তারের আঘাত গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাঁর হাতের কবজি ও মাথায় ধারালো অস্ত্রের গভীর জখম রয়েছে। ক্ষতগুলো থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। নাহিদ ও রোজিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন চিকিৎসকেরা।
আহত ব্যক্তিদের ভাই শাহেদ আলী জানান, গতকাল ভোরে উত্তর শাহজাহানপুরে দ্বিতীয় তলার বাসার রান্নাঘরের গ্রিল কেটে কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢোকে। এ সময় বাসার লোকজন তাদের দেখে চিত্কার দিলে তারা তিনজনকে কুপিয়ে পালিয়ে যায়। ঘর অন্ধকার থাকায় কতজন ঘরে ঢুকেছিল, তা বোঝা যায়নি। তবে বাসায় দুর্বৃত্তদের ফেলে যাওয়া তিন জোড়া জুতা পাওয়া গেছে। তিনি বলেন, কারও সঙ্গেই তাঁদের ব্যক্তিগত বিরোধ নেই। তাই তাঁরা ধারণা করছেন, চুরি করতে বাসায় ঢুকে বাধা পেয়ে ওই ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।