শাহবাগে ককটেল বিস্ফোরণে আহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শাহবাগে আজ মঙ্গলবার সন্ধ্যায় ককটেল বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। তাঁরা হলেন মোহাম্মদপুর সরকারি কমার্শিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা সেলিনা আক্তার ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মো. আবদুস সালাম।
প্রথম আলোর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সংবাদদাতা জানান, আহত দুজন শাহবাগে জাদুঘরের পাশের সড়কে বাসের জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে সেলিনা আক্তারের বাঁ পায়ের হাঁটুর নিচে এবং মো. আবদুস সালামের কপালের ডান পাশে স্প্লিন্টারের আঘাত লাগে। আহত দুজনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।