শাহবাগে ছুরিকাঘাতে দুই ব্যক্তিকে হত্যা
শাহবাগে গত মঙ্গলবার রাতে মোতালেব হোসেন (৪০) ও মো. হাবিব (৩৫) নামের দুই ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পুলিশ বলেছে, নিহত ব্যক্তিরা মাদকাসক্ত ছিলেন। মাদক সেবন নিয়ে প্রতিপক্ষের এক যুবক ছুরিকাঘাত করে তাঁদের হত্যা করেছেন।
শাহবাগ থানার পুলিশ বলেছে, নিহত মোতালেব ও হাবিব শাহবাগ মোড়-সংলগ্ন পদচারী-সেতুর ওপর ঘুমাতেন। মঙ্গলবার রাত ১১টার দিকে মাদক সেবন নিয়ে মোতালেবের সঙ্গে সোহেল রানা নামের এক যুবকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মোতালেবের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন সোহেল। হাবিব বাধা দিলে তাঁকেও ছুরিকাঘাত করা হয়। আহত মোতালেব পদচারী-সেতুর পশ্চিম দিকে নেমে রাস্তায় পড়ে যান। আহত হাবিব পদচারী-সেতু দিয়ে পূর্ব দিকে নামেন। রাতেই পথচারীরা প্রথমে মোতালেবকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে একটার দিকে মোতালেবকে মৃত ঘোষণা করেন। এদিকে আহত হাবিব রমনা পার্কে গিয়ে মারা যান। গতকাল বুধবার সকালে রমনা থানার পুলিশ পার্ক থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এই জোড়া খুনের ঘটনায় শাহবাগ থানায় হত্যা মামলা করা হবে।
পুলিশ কর্মকর্তারা মনে করেন, অতিরিক্ত রক্তক্ষরণে মাদকাসক্ত ওই দুজন মারা গেছেন।
ঘটনা তদন্তকারী শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আনারুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিহত মোতালেব, হাবিব ও হামলাকারী সোহেল রানা ভাসমান এবং মাদকাসক্ত। তাঁদের কোনো ঠিকানা পাওয়া যায়নি। তাঁরা পদচারী-সেতুর ওপর থাকতেন। নিহত দুজনের কোনো স্বজনও আসেননি তাঁদের খোঁজ নিতে। সোহেল রানাকে গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মারুফ হোসেন সরদার বলেন, পুলিশ জানতে পেরেছে নিহত ব্যক্তিরা ও হামলাকারী শাহবাগ এলাকায় গাঁজা সেবন করতেন। তাঁরা শাহবাগ এলাকার পকেটমার হিসেবে পরিচিত।