
‘সিনিয়র স্টাফ নার্স’ নিয়োগে সরকারি কর্মকমিশন (পিএসসি) যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তা বাতিলের দাবি জানিয়েছে নার্সদের দুটি সংগঠন। একই সঙ্গে তাদের দাবি, আগের মতোই জ্যেষ্ঠতার ভিত্তিতে ব্যাচভিত্তিক নিয়োগ দিতে হবে।
দাবি আদায়ে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে তিন ঘণ্টা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখেন নিয়োগপ্রার্থী নার্সরা। এতে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হলে পুলিশ আইন প্রয়োগ করে তাঁদের সরিয়ে দেয়। এতে আহত হন ২০ জন। এঁদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন নয়জন। পুলিশ ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে।
গত সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সিনিয়র স্টাফ নার্সের ৩ হাজার ৬১৬টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ) ও বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির (বিজিএনএস) ব্যানারে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সড়ক অবরোধ করেন কয়েক শ নার্স। দফায় দফায় বিক্ষোভ করতে থাকেন তাঁরা। এ সময় শাহবাগ মোড় হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ রাস্তা থেকে তাঁদের সরে যেতে অনুরোধ করলেও তাঁরা অনড় থাকেন। এতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা সীমাহীন দুর্ভোগে পড়েন। দীর্ঘ সময় যানবাহনে আটকে থাকতে হয় নগরযাত্রীদের। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে এবং জলকামান দিয়ে গরম পানি ছিটিয়ে, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়। এতে অন্তত ২০ জন নারী ও পুরুষ নার্স আহত হন। বেলা দেড়টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার আবদুল বাতেন সাংবাদিকদের বলেন, ‘তারা প্রায় সাড়ে তিন ঘণ্টা গুরুত্বপূর্ণ মোড়ে যান চলাচল বন্ধ করে রাখে। এখানে দুটি হাসপাতালও আছে। আমরা তাদের বারবার রাস্তা ছেড়ে যেতে বলেছি। কিন্তু তারা সরেনি।’
তবে আন্দোলনরত নার্সরা বিনা উসকানিতে পুলিশ তাঁদের ওপর লাঠিপেটা করেছে বলে অভিযোগ করেন।
সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে সর্বশেষ বৈঠকে উপস্থিত স্বাধীনতা নার্সেস অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. আনিছুর রহমান বলেন, ২০০৬ থেকে ২০১৩ সালে সর্বশেষ নিয়োগ পর্যন্ত ব্যাচভিত্তিক নিয়োগ হয়ে আসছে। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে নার্সদের পিএসসির পরীক্ষায় অংশ নিতে হবে। গত সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রী নার্স প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেন। কিন্তু নার্সরা ব্যাচভিত্তিক নিয়োগ বহাল রাখার দাবিতে আন্দোলন করছেন।
উল্লেখ্য, ২০১৩ সালে নিয়োগ হয়েছে ২০০৫ সালের ব্যাচের। এরপরে আর কোনো নিয়োগ হয়নি।
বিজিএনএসের সাধারণ সম্পাদক নাহিদা আক্তার বলেন, প্রধানমন্ত্রী ২০১৪ সালে সরকারি পর্যায়ে ১০ হাজার নার্স পদ সৃষ্টির ঘোষণা দিয়েছিলেন। সেই সময় ৩ হাজার ৭২৮টি শূন্য পদ ছিল। নতুন পদ সৃষ্টি করে এবং শূন্য পদ মিলিয়ে মোট ১৩ হাজার ৭২৮ পদে দ্রুত নিয়োগ দিতে হবে।