শাহবাগে নার্সদের আন্দোলনে পুলিশ লাঠিপেটা, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: সাহাদাত পারভেজ
ছবি: সাহাদাত পারভেজ

শাহবাগে আন্দোলনকারী নার্সদের সরাতে পুলিশের জলকামান, গরম পানি নিক্ষেপ, পিপার স্প্রে, লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের গোলা নিক্ষেপ করেছে। এতে অন্তত ৩০ জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়েছে। শাহবাগ মোড় থেকে সাতজন আন্দোলনকারীকে আটকও কর হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
‘সিনিয়র স্টাফ নার্স’ নিয়োগে পিএসসির প্রকাশ করা বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে আজ সকাল ১০টা বেলা দেড়টা পর্যন্ত রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ করেন বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির নেতাকর্মীরা। তাঁরা আগের মতো মেধা, যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবি জানান। এ সময় ওই সড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

ছবি: সাহাদাত পারভেজ
ছবি: সাহাদাত পারভেজ

বাংলাদেশ বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি রিনা আক্তার সাংবাদিকদের বলেন, তাঁরা দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। বেলা দেড়টার পর পুলিশ প্রথমে গরম পানি ছোড়ে। সাউন্ড গ্রেনেড মেরে আমাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। একই সঙ্গে তারা লাঠিপেটা শুরু করে। এরপর তারা দুই দফায় পিপার স্প্রে নিক্ষেপ করে। এতে তাঁদের অর্ধশত নার্স সদস্য আহত হয়েছেন।
বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির (বিজিএনএস) সাধারণ সম্পাদক নাহিদা আক্তার বলেন, লাঠি চার্জে কারও হাত ভেঙে গেছে, কারও পা। পিপার স্প্রে আর গরম পানি ছোড়ার কারণে অনেকে আহত হয়েছেন।।

ছবি: সাহাদাত পারভেজ
ছবি: সাহাদাত পারভেজ

জানতে চাইলে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) আবদুল বাতেন সাংবাদিকদের বলেন, আন্দোলনকারীরা প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে গুরুত্বপূর্ণ এ মোড়ে যান চলাচল বন্ধ করে রেখেছিল। এখানে দুটি হাসপাতালও আছে। হাসপাতালে রোগী ও সাধারণ মানুষের দুর্ভোগের কারণে আমরা তাদের বারবার রাস্তা ছেড়ে যেতে বলেছি। কিন্তু তারা সরেনি।
ডিসি বলেন, কাঁদানে গ্যাসের গোলা ব্যবহার করা হয়েছে। তবে পিপার স্প্রে ব্যবহার করা হয়নি। নার্সদের হামলায় অনেক নারী পুলিশ সদস্য আহত হয়েছে বলেও দাবি করেন তিনি।
লাঠিচার্জসহ বিভিন্নভাবে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিলে বেলা দুইটার দিকে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল শুরু হয়।


আরও পড়ুন: