শাহবাগে পুলিশের হামলায় দুই সংবাদকর্মী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতালের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের হামলার শিকার হয়েছেন দুই সংবাদকর্মী। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে।
হামলায় আহত দুই সংবাদকর্মী হলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের নিজস্ব প্রতিবেদক কাজী এহসান বিন দিদার ও ক্যামেরাপারসন আবদুল আলিম। এ ঘটনায় শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এরশাদ মণ্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ঘটনা তদন্তে পুলিশের রমনা বিভাগের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার এ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
এটিএন নিউজের বার্তা সম্পাদক সারওয়ার হোসেন বলেন, ওই হামলার বিষয়ে শাহবাগ থানায় মামলা করা হবে।