শাহবাগে হামলায় আহত তিন ভাইয়ের একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগে গত বৃহস্পতিবার রাতে সন্ত্রাসী হামলায় আহত তিন ভাইয়ের মধ্যে একজন মারা গেছেন। তাঁর নাম গিয়াসুদ্দিন ওরফে রাজু (৩৩)। গতকাল শুক্রবার সকালে রাজধানীর হাতিরপুলের একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। অপর দুই ভাই মো. জয়নাল (৩৮) ও আদনান আবেদীন ওরফে বাবু (৩০) চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।
নিহতের পরিবারের অভিযোগ, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে যুবলীগের ৫৭ নম্বর (পুরাতন) ওয়ার্ড কমিটির সভাপতি সাইফুল ইসলাম আক্তার ও তাঁর সহযোগীরা এ হামলা করেছেন।
এ ঘটনায় গতকাল শুক্রবার যুবলীগ নেতা সাইফুলসহ ছয়জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেছেন নিহতের বাবা সাব্বির আহমেদ। বাকি আসামিরা হলেন সাদ্দাম, ফারুক, আসাদ, মুক্তার ও আলম। এঁদের সঙ্গে অজ্ঞাতনামা আরও ছয়-সাতজন হামলায় জড়িত ছিলেন বলে এজাহারে বলা হয়।
পারিবারিক সূত্র জানায়, নিহত গিয়াসুদ্দিন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করে চাকরি খুঁজছিলেন। পাশাপাশি কাপড়ের ব্যবসাও করছিলেন।
পুলিশ জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গিয়াসুদ্দিনের স্ত্রী। তাঁকে দেখার জন্য গিয়াসুদ্দিন এবং তাঁর দুই ভাই জয়নাল ও আদনান বৃহস্পতিবার রাতে হাসপাতালে যান। তাঁরা তিন ভাই ওষুধ কিনতে আজিজ সুপার মার্কেটসংলগ্ন এলাকার একটি ফার্মেসিতে যাচ্ছিলেন। এ সময় তাঁরা হামলার শিকার হন। তাঁদের উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে হাতিরপুলের বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল সকাল নয়টার দিকে গিয়াসুদ্দিন মারা যান। গতকাল বিকেল পাঁচটার দিকে ময়নাতদন্ত শেষ হয়। গ্রামের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশে তাঁকে কবর দেওয়া হবে বলে পারিবারিক সূত্র জানায়।
গিয়াসুদ্দিনের বাবা সাব্বির আহমেদ প্রথম আলোকে বলেন, তিনি পরিবার নিয়ে রাজধানীর সেন্ট্রাল রোডে থাকেন। তাঁর দ্বিতীয় ছেলে গিয়াসুদ্দিন তিন মাস আগে বিয়ে করে রাজধানীর আজিমপুর এলাকায় থাকা শুরু করেন। তিনি জানান, সাইফুলসহ হামলাকারীদের অনেকেই গিয়াসুদ্দিনের বন্ধু-বান্ধব। গিয়াসুদ্দিনের কাছ থেকে সাইফুল বিভিন্ন সময় টাকা ধার নিয়েছেন। এ নিয়ে বিরোধের জের ধরে সাইফুল হামলা চালিয়েছেন।
ঘটনার পর থেকে সাইফুল গা ঢাকা দিয়েছেন, তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা প্রথম আলোকে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।