শাহমখদুম থানা এলাকায় আবারও ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের শাহমখদুম থানা এলাকায় এক সপ্তাহের ব্যবধানে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে ওই এলাকার ৩৭ নম্বর বাড়িতে এ ডাকাতি হয়।
এ ছাড়া আরও দুটি বাড়িতে হানা দেয় ডাকাতেরা। কিন্তু জানালা ভাঙার শব্দ পেয়ে বাড়ির লোকজন জেগে উঠলে তারা পালিয়ে যায়।
এর আগে গত সপ্তাহে ২৭/২ নম্বর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। মাত্র কয়েক দিনের ব্যবধানে দুটি ডাকাতির ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
৩৭ নম্বর বাড়ির মালিক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আলফাজ উদ্দিন। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জ্যেষ্ঠ মুখ্য কর্মকর্তা ছিলেন।
আলফাজ উদ্দিনের বর্ণনা অনুযায়ী, বুধবার রাত তিনটার দিকে বাড়ির ভেতরে ডাকাতদের চলাফেলার শব্দ পেয়ে তিনি ও তাঁর স্ত্রী ঘুম থেকে জেগে ওঠেন। তাঁরা দেখেন, চাপাতি হাতে তিন ডাকাত বাড়ির ভেতরে হাঁটাহাঁটি করছে। একপর্যায়ে ডাকাতেরা তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে চারটি আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যায়।
আলফাজ উদ্দিন বলেন, তাঁর বাড়িতে ডাকাতির পর তারা পাশেই আরও দুটি বাড়িতে হানা দেয়। কিন্তু জানালা ভাঙার শব্দ পেয়ে বাড়ির সদস্যরা জেগে উঠলে ডাকাতেরা পালিয়ে যায়।
ভুক্তভোগী আলফাজ উদ্দিনের ছেলে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা জজ। তিনি বাড়িতে আসার পর থানায় লিখিত অভিযোগ করা হবে বলে জানান আলফাজ উদ্দিন।