শাহরাস্তিতে পল্লি চিকিৎসককে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তিতে এক পল্লি চিকিৎসককে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার মেহের উত্তর ইউনিয়নের বানিয়াচোঁ বাজারে অবস্থিত তাঁর চেম্বারের সামনে থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত পল্লি চিকিৎসকের নাম মো. আনোয়ার উল্যা (৮৬)। তিনি বানিয়াচোঁ গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে গতকালই ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আনোয়ার উল্যা নাওড়া উপস্বাস্থ্য কেন্দ্রে উপসহকারী চিকিৎসক ছিলেন। ১৯৯১ সালে অবসর নেন তিনি। পরে বাড়ির সামনে চেম্বার খুলে স্থানীয় জনগণকে চিকিৎসাসেবা দিতেন। গত বৃহস্পতিবার রাতে বাড়ির পশ্চিম পাশের টিনের ঘরে তিনি ঘুমান। ওই ঘরে তিনি একাই থাকতেন।

পুলিশ ও এলাকাবাসীর ধারণা, গত বৃহস্পতিবার গভীর রাতে রোগী সেজে আনোয়ার উল্যাকে ঘর থেকে ডেকে কার্যালয়ের সামনে নিয়ে দুর্বৃত্তরা তাঁকে গলা কেটে হত্যা করে। গতকাল সকালে স্থানীয় এক দোকানি মসজিদে নামাজে যাওয়ার সময় তাঁর লাশ সেখানে পড়ে আছে দেখতে পান। পরে এলাকার মানুষ থানায় খবর দেন। তাঁর হত্যাকাণ্ডের খবর শুনে বাড়িতে কয়েক হাজার নারী ও পুরুষ জড়ো হন।

আনোয়ার উল্যার ছোট ছেলে মোশারফ হোসেন বলেন, ‘বাড়িতে আমার বড় ভাই মিজানুর রহমান ও আমার বাবা থাকতেন। পাঁচ বছর আগে আমার মা মারা গেছেন। বাবা বাড়ির পশ্চিম পাশের ঘরে একা থাকতেন। বড় ভাই পরিবারসহ অন্য একটি ঘরে থাকেন। আমার বাবার কোনো শত্রু ছিল না। কী কারণে তাঁকে নির্মমভাবে খুন করা হয়েছে, বুঝতে পারছি না।’

এ বিষয়ে শাহরাস্তি থানার পরিদর্শক (তদন্ত) নুর হোসেন বলেন, ‘নিহত ব্যক্তির গলার ডান পাশে ছুরি চালিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। একজন বয়স্ক ব্যক্তিকে কী কারণে এভাবে মারা হয়েছে, আমরা তা জানার চেষ্টা করছি। আমাদের টিম এলাকায় কাজ করছে। এ বিষয়ে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।’