চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় দুজন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বুধবার বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউএনও সামিউল মাসুদ তাঁকে বরখাস্তের নোটিশ পাঠিয়েছেন।
বরখাস্ত হওয়া ওই শিক্ষকের নাম অখিল চন্দ্র দেবনাথ (৫০)। তিনি দাবি করেন, তিনি বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও এলাকার কয়েকজন কুচক্রীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন।
হয়রানির শিকার দুই ছাত্রীর অভিভাবক বলেন, গত ২১ সেপ্টেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁর কক্ষে ডেকে নিয়ে অষ্টম শ্রেণির ওই দুই ছাত্রীকে যৌন হয়রানি করেন। ৫ অক্টোবর তাঁরা ওই শিক্ষকের বিরুদ্ধে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন। ইউএনও এলাকায় খোঁজখবর নেন এবং দুই ছাত্রীর জবানবন্দি নেন।
বিদ্যালয় সূত্র জানায়, ইউএনও ৭ অক্টোবর প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেন। প্রধান শিক্ষক সাত কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দেন। ১৮ অক্টোবর ইউএনওর কার্যালয়ে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা হয়। এতে দুই ছাত্রীর জবানবন্দি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়।