শাহরাস্তিতে শিক্ষকের বিরুদ্ধে আয়াকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক শিক্ষকের বিরুদ্ধে নিজ বিদ্যালয়ের আয়াকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত রোববার তাঁকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
এ ছাড়া কুমিল্লার হোমনায় গত রোববার তৃতীয় শ্রেণির এক ছাত্রী (৯) ধর্ষণের শিকার হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ওই উচ্চবিদ্যালয়ের আয়া সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ এনে গত শনিবার প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ঘটনায় গত রোববার বিদ্যালয় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক প্রধান শিক্ষক ওই শিক্ষককে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিতে বলেন।
এ ছাড়া ওই ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই শিক্ষক ও আয়াকে বিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়েছে।
ধর্ষণের শিকার ওই আয়া জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে একাধিকবার ওই শিক্ষক ধর্ষণ করেন। সম্প্রতি তিনি (আয়া) বিয়ের চাপ দিলে ওই শিক্ষক টালবাহানা শুরু করেন। এ কারণে তিনি ওই অভিযোগ দিয়েছেন।
অভিযোগ অস্বীকার করে ওই শিক্ষক জানান, এটি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর চন্দ্র মজুমদার বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমি ঘটনাটি এমপি মহোদয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যারকে জানিয়েছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই দুজনকে বিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়েছে।’
এদিকে ধর্ষণের শিকার ওই শিশুর পরিবার ও হোমনা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার সকালে ওই ছাত্রী তার নানাবাড়িতে বেড়াতে যায়। বিকেলে উপজেলার চারকুড়িয়া গ্রামের মো. শিমুল (১৮) মেয়েটিকে ফুসলিয়ে পাশের ধনচেখেতে নিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটি চিৎকার করলে শিমুল পালিয়ে যায়।
পরে আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার মেয়েটিকে দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং মেয়েটির পরিবারের দারিদ্র্যের কথা শুনে চার হাজার টাকা দিয়ে তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন। এ ঘটনায় গত রোববার রাতেই মেয়েটির নানা বাদী হয়ে মো. শিমুলের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে শিমুল পলাতক।
ওসি কামরুজ্জামান সিকদার জানান, শিমুলকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।