শাহাদাতসহ বিএনপির ৫১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় একটি রাইডারে পেট্রলবোমা হামলার ঘটনায় নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুবুল আলম এ মামলা করেন।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন নগর যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি এম এ হাশেম, নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস কে তোতন।
এদিকে এ ঘটনায় সদরঘাট থেকে শিবিরের ১২ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম প্রথম আলোকে জানান, বাসে পেট্রলবোমা মারার অভিযোগে নগর বিএনপির সাধারণ সম্পাদকসহ ৫১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। আসামিরা সবাই বিএনপি ও শিবিরের নেতা-কর্মী। মামলায় অজ্ঞাতনামা আসামি ১০০ থেকে ১৫০ জন।
গত বুধবার রাত ১২টার দিকে টাইগারপাস এলাকায় একটি রাইডারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চার যাত্রী দগ্ধ হন। আহত হন আরও চারজন।
চট্টগ্রামে গ্রেপ্তার ৩০
এদিকে গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত নগর ও জেলায় অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার হাছান চৌধুরী জানান, বুধবার রাতে নগরের টাইগারপাস এলাকায় বাসে পেট্রলবোমা মারার অভিযোগে সদরঘাট থেকে শিবিরের ১২ কর্মীকে, চান্দগাঁও থানা পুলিশ একজন জামায়াত এবং দুজন বিএনপি কর্মীকে, পাহাড়তলী থানা থেকে শিবিরের এক কর্মীকে ও খুলশী থানা থেকে বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে।
চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান জানান, জেলার সীতাকুণ্ড ও সাতকানিয়া থেকে বিএনপি-জামায়াতের ১২ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জন শিবিরের, দুজন বিএনপির এবং চারজন জামায়াতের। পুলিশের দাবি, তাঁদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে।