শাহীনবাগে মা-মেয়েকে বেঁধে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পুলিশের কড়া পাহারার মধ্যেও শাহীনবাগের একটি বাড়িতে ডাকাতি হয়েছে। গতকাল সন্ধ্যায় সশস্ত্র কয়েকজন যুবক ওই বাড়িতে ঢুকে মা ও মেয়েকে একটি কক্ষে বেঁধে মূল্যবান জিনিসপত্র নিয়ে যান। পরে খবর পেয়ে স্থানীয় জনতা ও পুলিশ এগিয়ে এলেও দুর্বৃত্তদের কাউকে আটক করা যায়নি।

 স্থানীয় লোকজন বলেন, সন্ধ্যা সাতটার দিকে আট-দশজন যুবক শাহীনবাগের একটি পাঁচতলা বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ঢুকে পড়েন। এই ফ্ল্যাটে বাড়ির মালিক কাজী মোসতাহের উদ্দিন পরিবারসহ থাকেন। ডাকাতেরা ফ্ল্যাটে থাকা মোসতাহেরের স্ত্রী ও কলেজপড়ুয়া মেয়েকে তাঁরা ফ্ল্যাটের একটি কক্ষে হাত-পা বেঁধে আটকে রাখেন।

 মোসতাহের উদ্দিন প্রথম আলোকে বলেন, যুবকদের সবার হাতে পিস্তলের মতো আগ্নেয়াস্ত্র ছিল। রাত আটটার দিকে তাঁরা বাসা থেকে চলে যান। তিনি বলেন, দুর্বৃত্তরা বাসা থেকে চলে যাওয়ার পর তাঁর মেয়ে তাঁকে মুঠোফোনে অস্ত্রধারী যুবকদের আসার খবর জানান। তারপর তিনি পুলিশ ও স্থানীয় লোকজনকে খবর দেন। মোসতাহের বলেন, তাঁরা শারীরিকভাবে কাউকে কোনো আঘাত করেননি। তবে কিছু জিনিসপত্র নিয়ে গেছেন। তবে ওই যুবকেরা ফ্ল্যাট থেকে কী কী নিয়ে গেছেন, তা তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। ঘটনার সময় মোসতাহের উদ্দিন বাড়িতে ছিলেন না বলে জানান। পরে খবর পেয়ে আসেন। 

তেজগাঁও কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক রেজাউল গণি বলেন, খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যে তেজগাঁও থানা থেকে উপপরিদর্শক মশিউরসহ দুজন পুলিশ সদস্য ঘটনাস্থলে আসেন। এ সময় মাইকিং করা হলে স্থানীয় লোকজনও এসে পুরো বাসা ঘিরে ফেলেন। কিন্তু ওপরে উঠে কাউকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, জিনিসপত্র নিয়ে এই সময়ের মধ্যে অস্ত্রধারীরা ছাদের ওপর দিয়ে পালিয়ে গেছেন।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ওই এলাকার প্রায় প্রতিটি বাড়ি একটা আরেকটার সঙ্গে লাগানো। সে কারণে খুব সহজেই এক বাড়ির ছাদ থেকে অন্য বাড়ির ছাদে লাফিয়ে যাওয়া সম্ভব। ঘটনার পর ঢাকা মহানগর পুলিশ তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার, তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামসহ পুলিশ ও র‍্যাবের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তাঁরা স্থানীয় বাসিন্দাসহ আশপাশের বাড়ির মালিক ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলেন। 

জানতে চাইলে ওসি মাজহারুল ইসলাম বলেন, কয়েকজন যুবক এসেছিলেন। স্থানীয় লোকজনের প্রতিরোধে মুখে তাঁরা চলে গেছেন। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।