শিউলি আর পৃথিবীর আলো দেখতে পাবেন না
গৃহবধূ শিউলি আক্তার দুই চোখে আর কখনোই পৃথিবীর আলো দেখতে পাবেন না। গতকাল শনিবার তাঁর চোখে অস্ত্রোপচার করা হয়। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক গোলাম হায়দার ও শওকত আরা শাকুর এই অস্ত্রোপচার করেন। দেড় ঘণ্টার বেশি সময় ধরে চলে এ অস্ত্রোপচার।
গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে শিউলির চোখের অস্ত্রোপচার শেষ হয়। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী রেজিস্ট্রার আতিকুল হক প্রথম আলোকে বলেন, শিউলি আর কখনোই চোখে দেখতে পাবেন না। ভবিষ্যতে কৃত্রিম চোখ লাগানোর জন্য চোখের আকৃতি ঠিক রাখতে বর্তমানে প্লাস্টিকের কনফার্মার লাগিয়ে দেওয়া হয়েছে। রোগীর শারীরিক অবস্থা ভালো থাকলেও তিনি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছেন।
শিউলির ভাই মো. রনি প্রথম আলোকে বলেন, ‘শুনছি আপার চোখের ভিতরে কিছুই ছিল না। সব তুইল্যা ফালাইছিল। অপারেশনের পর ডাক্তাররা বলছে, আপা আর কোনো দিন দেখতে পাইব না। আমি বাদী হইয়া মামলা করব।’
গত বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর জামাইবাজার এলাকার ভাড়া বাসায় স্বামী জুয়েল চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে চোখ তুলে তাঁর স্ত্রীকে ভেতরে রেখেই বাসা তালাবদ্ধ করে চলে যান। চিৎকার শুনে প্রতিবেশী লোকজন পুলিশের সহায়তায় ঘরের তালা ভেঙে শিউলিকে উদ্ধার করেন। প্রথমে তাঁকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সুপারিশ করা হয়। পথে দীর্ঘ যানজটের কারণে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাঁকে। রাত পৌনে একটার দিকে তাঁকে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে নেওয়া হয়।
গত শুক্রবার শিউলি প্রথম আলোকে বলেন, পাঁচ বছর আগে তিনি জুয়েলকে বিয়ে করেন। এটি তাঁর দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই স্বামীকে নেশা করতে দেখে আসছেন। আগের স্বামীর কাছ থেকে যে সম্পত্তি পাবেন, তা এনে দেওয়ার জন্য প্রায়ই তাঁকে মারধর করতেন জুয়েল। এ ছাড়া স্বামী তাঁকে সন্দেহ করতেন।