শিকল বেঁধে ব্যবসায়ী ও গৃহবধূকে নির্যাতন!
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নে গত শনিবার অনৈতিক কাজের অভিযোগ এনে এক ব্যবসায়ী ও এক নারীকে পায়ে শিকল বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।
ব্যবসায়ী ও নারীর পরিবার সূত্রের বিবরণ অনুযায়ী, জাঙ্গালিয়া ইউনিয়নের কাঁচামালের ওই ব্যবসায়ী গাজীপুর শহরের বিভিন্ন সবজি আড়ত থেকে পিকআপ ভ্যানে সবজি নিয়ে বিভিন্ন বাজারে পাইকারি বিক্রি করেন। শনিবার সন্ধ্যায় তিনি স্থানীয় একটি বাজার থেকে সবজি বিক্রির টাকা তুলে বাড়ি ফিরছিলেন। পূর্বশত্রুতার জের ধরে পথে স্থানীয় কয়েকজন যুবক এক নারীর ঘরে নিয়ে ব্যবসায়ীকে আটকে রাখেন। পরে অনৈতিক কাজের অভিযোগ এনে এলাকাবাসীকে উসকে দেন তাঁরা। একপর্যায়ে এলাকাবাসী দুজনের পায়ে শিকল বাঁধে। পরে দুজনকেই গণপিটুনি দেওয়া হয়। একপর্যায়ে এলাকাবাসী ব্যবসায়ীর মাথার চুল কেটে দেন।
বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, ওই নারী ও ব্যবসায়ীর বিরুদ্ধে এর আগেও অনৈতিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগ রয়েছে। এলাকাবাসী তাঁদের মারধর করেছেন। তবে পায়ে শিকল বেঁধে মাথার চুল কেটে ফেলা অমানবিক কাজ হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি আলম চাঁদ বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।