শিকলবন্দী জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানসিকভাবে অসুস্থ তিনি। পাগলামি করেন। ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। তাই তাঁর স্বামী তাঁকে একটি ঘরে শিকল দিয়ে বেঁধে রেখেছেন। চিকিৎসা করানোর সামর্থ্য না থাকায় তাঁর স্বামী তাঁকে ১২ দিন ধরে এভাবে বন্দী করে রেখেছেন।
ওই গৃহবধূর নাম ফরিদা আক্তার। তিনি টাঙ্গাইলের সখীপুর উপজেলার নলুয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। রফিকুল মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। এই দম্পতির তিন ছেলে আছে। এরা হচ্ছে শরিফ, আরিফ ও সজীব। এর মধ্যে শরিফ ও আরিফ যমজ। তাদের বয়স ছয় বছর। আর ছোট ছেলের বয়স তিন বছর। রফিকুল ইসলাম বলেন, তিনি যা আয় করেন, তা দিয়ে চার সদস্যের সংসার চালাতেই কষ্ট হয়। এ অবস্থায় তাঁর পক্ষে স্ত্রীর চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।
সখীপুর আবাসিক মহিলা কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক মাহবুবুর রহমান বলেন, ‘ফরিদা একজন মানসিক রোগী। এর মধ্যে ছেলেকে কুপিয়ে সে আরও ভারসাম্য হারিয়েছে। এ সময় ঠিকমতো চিকিৎসা না দিতে পারলে রোগীর অবস্থার আরও অবনতি হবে।’
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরে ফরিদার সঙ্গে রফিকুলের দাম্পত্য কলহ চলছিল। গত ২১ অক্টোবর সকালে ফরিদা স্বামীর সঙ্গে ঝগড়া করে তাঁর দুই ছেলে শরিফ ও আরিফকে নিয়ে বাড়ির পশ্চিম পাশে যায় এবং সেখানে শরিফকে বটি দিয়ে কোপাতে থাকে। এ দৃশ্য দেখে আরিফ দৌড়ে চলে আসে। বটির কোপে শরিফের ঘাড় ও কানে গুরুতর জখমের সৃষ্টি হয়েছে। পরে তিনি মাথায় ইট দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। একপর্যায়ে গ্রামবাসী চিৎকার শুনে ঘটনাস্থলে এসে শরীফকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় ওই দিন রাতেই শরীফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
একই সময় গ্রামবাসী ফরিদাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছিল। কিন্তু মানসিক ভারসাম্য হারানোর কারণে তাঁকে চিকিৎসা দেওয়া যায়নি। দুই দিন পর হাসপাতাল থেকে ফরিদাকে বাড়িতে আনা হয়। কিন্তু পাগলামির মাত্রা বেড়ে যাওয়ায় ২৪ অক্টোবর থেকে তাঁকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে।