শিকলবন্দী বাবাকে উদ্ধার, ছেলে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জে এক বৃদ্ধকে তাঁর বাড়ি থেকে শিকলবন্দী অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলার শাশিয়ালী এলাকায় তাঁর বাড়ির একটি অন্ধকার কক্ষ থেকে তাঁকে উদ্ধার করা হয়। ওই বৃদ্ধকে তাঁর এক ছেলে বন্দী করে রেখে নির্যাতন চালাতেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই বৃদ্ধের নাম সরাফত উল্লাহ (৭০)। তাঁর বাড়ি ফরিদগঞ্জ উপজেলার শাশিয়ালী এলাকায়। তাঁকে আটকে রাখার অভিযোগে পুলিশ তাঁর ছেলে মো. মহসিনকে (৩০) আটক করেছে। বর্তমানে তিনি ফরিদগঞ্জ থানা হেফাজতে আছেন।
চাঁদপুরের পুলিশ সুপার শামছুন্নাহারের নির্দেশে গতকাল বিকেলে ফরিদগঞ্জ থানা-পুলিশ সরাফত উল্লাকে তাঁর বাড়ি থেকে উদ্ধার করে। এর আগে দুপুরে এই প্রতিনিধি ওই বাড়িতে গিয়ে দেখেন, বাড়ির একটি কক্ষে সরাফত উল্লাকে আটকে রাখা হয়েছে। অনুরোধের পর সরাফতের স্ত্রী মনোয়ারা বেগম দরজার তালা খুলে দেন। কক্ষের মেঝেতে বিছিয়ে রাখা পাটিতে তিনি বসে আছেন। তাঁর দুই পা ও বাঁ হাত লোহার শিকল দিয়ে আটকে রাখা হয়েছে। গত ২৭ জুলাই থেকে তাঁকে এভাবে বন্দী রাখা হয়েছে।
সরাফত উল্লাহ বলেন, ‘আমি নামাজ পড়ি ও রোজা রাখি। আমার কোনো রোগ নেই। আমি পাগলও নই। আমাকে পাগল বানিয়ে আমার ছেলে মহসিন মারধর করেছে। আমাকে ১৩ দিন ধরে বন্দী করে রেখেছে।’
ছেলে মহসিন দাবি করেন, ‘পাগল মনে হওয়ায় আমরা তাঁকে ঘরের ভেতর বেঁধে রেখে চিকিৎসা করছি।’
পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন পাটওয়ারী বলেন, সরাফত উল্লা পাগল কিংবা মানসিক রোগী নন। তবে তিনি ও তাঁর ছেলে মহসিন উগ্র স্বভাবের।
ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক বলেন, ‘আমাকে এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ দেয়নি। দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।’