শিকলবাহায় 'আলো' জ্বালাতে বাধা
প্রতিমন্ত্রী–সাংসদের অনুসারীদের দ্বন্দ্ব ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ
প্রতিমন্ত্রী এবং সাংসদের অনুসারী নেতা-কর্মীদের দ্বন্দ্বের কারণে চট্টগ্রামের শিকলবাহায় ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ কার্যত বন্ধ রয়েছে। ঠিকাদারি কাজের ভাগ-বাঁটোয়ারা নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়ায় ৩ মে থেকে এই প্রকল্পে পাথর ও বালু সরবরাহ করা হচ্ছে না।
প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও পুলিশ সূত্র জানায়, বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজে পাথর, বালু ও ইট সরবরাহ করা নিয়ে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অনুসারী কর্ণফুলী থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলমের সঙ্গে পটিয়ার সাংসদ শামসুল হক চৌধুরীর ভাই মুজিবুল হক চৌধুরী বিরোধে জড়িয়ে পড়েন। শুরু থেকে এই প্রকল্পে প্রতিমন্ত্রীর অনুসারীরা পাথর-বালু সরবরাহ করে আসছিলেন। পরে সাংসদের ভাই এই কাজে যুক্ত হন।
বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প উপপরিচালক মো. শামসুদ্দিন প্রথম আলোকে জানান, একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ৩ মে থেকে পাথর ও বালু সরবরাহ বন্ধ রয়েছে। এতে ভৌত অবকাঠামো নির্মাণের কাজ কার্যত বন্ধ। এ বিষয়ে ভূমি প্রতিমন্ত্রী ও পটিয়ার সাংসদের সঙ্গে কথা বলে তাঁদের সহযোগিতা চাওয়া হয়েছে। ঠিকাদাররা যাতে আবার পাথর ও বালু সরবরাহ করা শুরু করেন, সে বিষয়ে জেলা পুলিশ সুপারকে চিঠি দিয়ে তাঁর সহযোগিতা চাওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার জানান, চাঁদাবাজি এবং কাঁচামাল সরবরাহে বাধা দেওয়ার অভিযোগ তিনি পেয়েছেন। তিনি জানান, সরকারের উন্নয়নকাজে কাঁচামাল সরবরাহের সময়ে কেউ চাঁদা দাবি করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা এবং আইনগত ব্যবস্থা নিতে পটিয়া থানা-পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্র জানায়, পাথর সরবরাহ করা নিয়ে ৩ মে সাংসদের ভাইয়ের সঙ্গে জাহাঙ্গীর আলমের কথা-কাটাকাটি হয়। পরে জাহাঙ্গীরের লোকজন সাংসদের ভাইকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় দুই পক্ষ পাল্টাপাল্টি চাঁদাবাজির মামলা করে। সাংসদের ভাইয়ের করা মামলায় ১৩ মে দুপুরে জাহাঙ্গীর আলম গ্রেপ্তার হলে প্রতিবাদে বিকেল থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক আট ঘণ্টা অবরোধ করে রাখা হয়।
প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকা (চট্টগ্রাম-১৩) আনোয়ারা উপজেলাসহ পটিয়ার পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত। অন্যদিকে সাংসদের নির্বাচনী এলাকা (চট্টগ্রাম-১২ ) পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত। শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রটি পটিয়া উপজেলার মধ্যে পড়লেও এটি প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকার আওতাভুক্ত।
প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২২৫ মেগাওয়াট ডুয়েল ফুয়েল কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের কাজ শুরুর জন্য গত বছরের ২৪ আগস্ট ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টব্রো লিমিটেডের সঙ্গে সরকার চুক্তি করে। চুক্তির দিন থেকে ৩০ মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে।
গতকাল শনিবার সরেজমিনে শিকলবাহা বিদ্যুৎ প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, নির্মাণশ্রমিকেরা কেবল পাইলিং কাজ করছেন। পাথর, বালু ও সিমেন্টের অভাবে ঢালাইয়ের কাজ বন্ধ রয়েছে বলে শ্রমিকেরা জানান।
প্রকল্পের কাজ বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী গতকাল মুঠোফোনে প্রথম আলোকে জানান, প্রকল্পের কাজ বন্ধ হওয়ার সঙ্গে সরকারের ভাবমূর্তি জড়িত। বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের নজরে আনবেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমার নির্বাচনী এলাকার দলীয় নেতা-কর্মীরা পাথর-বালু সরবরাহ করে কিছু আয়-রোজগার করছে। বৈধভাবে কিছু করা অপরাধ নয়। কিন্তু প্রকল্প এলাকায় চাঁদাবাজি ও কাঁচামাল সরবরাহ বন্ধ করা দুঃখজনক। আমার কোনো নেতা-কর্মী চাঁদাবাজি করলে সেটা বরদাশত করব না। তবে কারা চাঁদাবাজি করছে, সেটা আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন।’
এ বিষয়ে পটিয়ার সাংসদ শামসুল হক চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে জানান, তাঁর ভাই কার্যাদেশ পেয়ে পাথর-বালু সরবরাহ করছিল। অথচ তাঁক ভাইকে মারধর ও মালামাল প্রকল্প এলাকায় ঢুকতে দেয়নি ডাকাত-চাঁদাবাজেরা। ডাকাত-চাঁদাবাজদের সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত এই সমস্যা কাটবে না বলে তিনি জানান।
সাংসদ বলেন, ‘প্রতিমন্ত্রী আমার ভাইকে চাঁদাবাজ বলেছেন। আমার ভাই ব্যবসা করে খায়। বরং তাঁর অনুসারীরা ডাকাত-চাঁদাবাজ। ওই ডাকাতদের গলায় ফুলের মালা লাগিয়ে নাকি সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।’
প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভৌত অবকাঠামোর নির্মাণকাজের জন্য ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনিয়ন মার্কেন্টাইল লিমিটেডকে নিয়োগ দিয়েছে। এর মধ্যে পাথর, বালু, ইট সরবরাহ করার জন্য স্থানীয় ঠিকাদারদের কাজ দিয়েছে ইউনিয়ন। এই কাজ নিয়েই প্রতিমন্ত্রীর এবং সাংসদের অনুসারীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে।