শিকলে বেঁধে কিশোরকে নির্যাতন, কারখানার মালিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিশোর শ্রমিককে পায়ে শেকল দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগে কারখানার এক মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ রূপসী এলাকায় অভিযান চালিয়ে কারখানার মালিক আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় কিশোর শ্রমিক আনছারুলকে উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে আক্তার হোসেনকে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাইদুজ্জামান শরীফের আদালতে হাজির করা হয়। এ সময় আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আক্তার হোসেন।
আক্তার হোসেনের বাড়ি দক্ষিণ রূপসী এলাকায়। আনছারুল ইসলাম লালমনিরহাটের হাতীবান্ধা থানার গুন্দিমারী এলাকার মোতালিব মুন্সীর ছেলে।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এ বি এম মেহেদী হাসান বলেন, কয়েক মাস ধরে আক্তার ঠিকমতো বেতন না দেওয়ায় আনছারুল কাজ ছেড়ে দিতে চেয়েছিল। ৯ ফেব্রুয়ারি তা জানতে পেরে আক্তার উল্টো আনছারুলের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। আনছারুল তা দিতে পারবে না জানালে তার পায়ে শিকল দিয়ে বেঁধে রাখেন তিনি। ১৫ দিন ধরে পায়ে শিকল বেঁধে আনছারুলকে দিয়ে জামদানি বুননের কাজ করাতেন আক্তার। কাজ করতে না চাইলে তার ওপর নির্যাতন চালানো হতো। এ ঘটনায় আনছারুলের ভাই আনোয়ার হোসেন একটি মামলা করেন।
জামদানির কারিগর আনছারুল ইসলাম বলে, ‘গ্রামের বাড়িতে যেতে কয়েক মাসের পাওনা বেতনের টাকা চাওয়ায় আমাকে পায়ে শিকল দিয়ে বেঁধে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। দাবিকৃত ৫০ হাজার টাকা না দিলে মেরে ফেলার হুমকি দিয়েছেন কারখানার মালিক।’
আনোয়ার হোসেন বলেন, ‘শুক্রবার আমার ছোট ভাইকে দেখতে গেলে তাঁরা (আক্তার ও তাঁর লোকজন) আমাকে ধাক্কা দিয়ে বের করে দেন। আমার ছোট ভাইকে ছাড়িয়ে নিতে হলে ৫০ হাজার টাকা দিতে হবে বলে তাঁরা দাবি করেন। অন্যথায় তাকে (আনছারুল) অন্যত্র বিক্রি করে ফেলা হবে বলে হুমকি দেন আক্তার হোসেন।’
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মোখলেছুর রহমান বলেন, আক্তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া আনছারুল আদালতে তার ওপর নির্যাতনের বর্ণনা দিয়েছে।