শিকারিদের হাতে প্রতিদিন মারা পড়ছে ২৫টি হরিণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলাকেন্দ্রিক সুন্দরবনের হরিণ শিকারি ও পাচারকারী আটটি দল বেপরোয়াভাবে হরিণ শিকার করছে। অভিযোগ আছে, এদের হাতে প্রতিদিন কমপক্ষে ২৫টি হরিণ মারা পড়ছে। সেই হিসাবে বছরে মারা পড়ছে প্রায় নয় হাজার হরিণ। নাম প্রকাশ না করার শর্তে শিকারি দলের সঙ্গে জড়িত কমপক্ষে চারজন সদস্য এসব তথ্য জানান।
ওই ব্যক্তিরা জানান, সুন্দরবন থেকে প্রতিদিন ফাঁদ পেতে ২২ থেকে ২৫টি হরিণ শিকার করে এর মাংস ও চামড়া পাচার করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। সেই হিসাবে সুন্দরবনে প্রতি মাসে মারা পড়ছে ৬০০ থেকে ৭৫০টি হরিণ।
পাথরঘাটায় সক্রিয় আটটি দলের মধ্যে তিনটি দল মাংস ও চামড়া বিক্রির কাজে জড়িত। বাকি পাঁচটি দল সুন্দরবন থেকে হরিণ শিকার ও জবাই করে তা পৌঁছে দেয়। এই দলের হয়ে ২৫-৩০ জন সুন্দরবনের পূর্বাঞ্চলের কচিখালীতে হরিণ ধরে জবাই করেন। এরপর মাংস পাথরঘাটার চরদুয়ানি, জ্ঞানপাড়া ও তাফালবাড়িয়ায় নিয়ে আসেন। পরে মাংস ও চামড়া বিক্রেতাদের হাতে তুলে দেন। বিক্রির সঙ্গে জড়িত দলের সদস্যরা শিকারিদের কাছ থেকে ২২০ থেকে ২৫০ কেজি দরে মাংস কিনে সংরক্ষণ করেন। পরে ৪০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি করেন।
বিভিন্ন এলাকায় নিরাপদে এসব মাংস সরবরাহে পাচারকারীদের নিজস্ব একটি ইঞ্জিনচালিত নৌকা ও কমপক্ষে চারটি মোটরসাইকেল রয়েছে। এতে করে বরগুনার তালতলী, আমতলী, বরগুনা সদর, বামনা, বেতাগী; পিরোজপুরের মঠবাড়িয়া, ভান্ডারিয়া, জিয়ানগর; ঝালকাঠির রাজাপুর উপজেলায় মাংস পৌঁছে দেওয়া হয়।
পাথরঘাটায় হরিণের মাংস বিক্রির নিয়ন্ত্রণে আছেন তিনজন। তাঁরা হলেন লাভলু হাওলাদার ওরফে লাভু, জহিরুল ইসলাম ওরফে জহির ও খলিল কাজী ওরফে খলিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকায় তাঁদের নাম আছে।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে লাভলু হাওলাদার বলেন, ‘আপাতত আমি এর সঙ্গে জড়িত নই।’ আর খলিল কাজী বলেন, ‘আমি এই কাজে জড়িত নই। যারা জড়িত, তাদের কেউ শত্রুতা করে আমার নাম দিতে পারে।’
আর সুন্দরবনের হরিণ শিকার ও চামড়া পাচারকারী দলের নিয়ন্ত্রণে রয়েছেন পাঁচজন। তাঁরা হলেন মালেক গোমস্তা, মোতালেব বিশ্বাস, সোহরাব হাওলাদার, মহসিন বিশ্বাস ও ইউনুচ হাওলাদার।
পাথরঘাটা থানা সূত্র জানায়, মালেক, মোতালেব ও ইউনুস পুলিশের হাতে বেশ কয়েকবার ধরা পড়েছেন। তাঁদের বিরুদ্ধে বন্য প্রাণী আইনে একাধিক মামলা আছে। এ ছাড়া জহিরুল, খলিল ও লাভলুর বিরুদ্ধে মাংস বিক্রির অভিযোগ থাকলেও প্রমাণের অভাবে ধরা যায়নি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শাহ নেওয়াজ বলেন, ‘পুলিশ এসব শিকারিকে ধরার ব্যাপারে সতর্ক আছে।’
গত ৩০ জানুয়ারি তিনটি ও ৩ ফেব্রুয়ারি রাতে পাথরঘাটায় অভিযান চালিয়ে ৩৬টি হরিণের চামড়া উদ্ধার করে র্যা ব-৮-এর সদস্যরা। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। ১ ফেব্রুয়ারি চরদুয়ানি থেকে উদ্ধার হয় ৪০ কেজি মাংস। গত বছরের ২১ অক্টোবর র্যা বের সদস্যরা বরগুনা সদরের আমতলীতে অভিযান চালিয়ে আটটি হরিণের চামড়াসহ চারজনকে আটক করেন।
২০১০ সালে লন্ডনভিত্তিক ওয়াইল্ডটিম ও বাংলাদেশ জুলজিক্যাল সোসাইটির যৌথ এক সমীক্ষায় বলা হয়, সুন্দরবনসংলগ্ন আটটি উপজেলায় চোরাই শিকারিদের হাতে বছরে কমপক্ষে ১০ হাজার হরিণ মারা পড়ে।