শিকারির পাতা ফাঁদে মরল গর্ভবতী হরিণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় শিকারির পাতা ফাঁদে পড়ে একটি গর্ভবতী হরিণের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার দুপুর ১২টায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ফুলবাড়ি চা-বাগান প্রবেশপথের উত্তর দিকে বাঘমারা বন ক্যাম্প এলাকায় গিয়ে দেখা যায়, ক্যাম্পের মাত্র দেড় শ গজ দূরে বন্য প্রাণী শিকারিদের পাতা এ ফাঁদে পড়ে গলায় ফাঁস লেগে গর্ভবতী হরিণটি মরে পড়ে রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জ্বালানি কাঠ সংগ্রহকারী জানান, তাঁরা বৃহস্পতিবার বিকেলে এ ফাঁদে এভাবে হরিণটিকে মরে পড়ে থাকতে দেখেন। তবে ভয়ে বিষয়টি বনকর্মীদের না বলে সংবাদকর্মীদের জানান। তাঁরা আরও জানান, কোনো গর্ত না খুঁড়েই একাধিক গাছের সঙ্গে মোটরসাইকেলের এক্সেলেটরের তার টেনে ফাঁদ তৈরি করা হয়। বনাঞ্চলে হরিণ দ্রুত দৌড়ে পালায় বলে এভাবে তার টেনে রাখে শিকারিরা। ফলে গর্ভবতী এই হরিণটি তারে আঘাত পেয়ে পড়ে গলায় ফাঁস লেগে মারা যায়।
বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন (বাপা) জাতীয় কমিটির সদস্য আবদুল করিম বলেন, বন বিভাগের ক্যাম্প অফিসের দেড় শ গজের মধ্যে এত বড় ঘটনা ঘটল; অথচ সংবাদকর্মীরা আসার পর বনকর্মীরা তা জানতে পারলেন। তিনি মনে করেন, বিষয়টি বনকর্মীরা জানতেন।
লাউয়াছড়া বনবিট কর্মকর্তা (বন্য প্রাণী) মাহমুদুর রহমান বলেন, তিনি আগে এ ঘটনা জানতেন না। মৃত হরিণটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।