শিক্ষক আসতে দেরি হওয়ায় তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার ভরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বুধবার নির্ধারিত সময়ে শ্রেণিকক্ষ খোলা হয়নি। এ অবস্থায় এলাকার কয়েকজন শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেন। পরে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গেলে কক্ষ খুলে দেওয়া হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও এলাকাবাসী সূত্র জানায়, বিদ্যালয়টিতে প্রায় ২৫০ জন শিক্ষার্থী আছে। স্কুলে সাতজন শিক্ষকের বিপরীতে তিনজন শিক্ষক আছেন। প্রধান শিক্ষক প্রায়ই সরকারি কাজে উপজেলায় থাকেন। বাকি দুজনের মধ্যে গতকাল একজন মৌখিক ছুটি নেন। অন্যজন স্কুলে আসতে দেরি করেন।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, প্রায় দিনই স্কুলটিতে ছেলেমেয়েরা ঠিক সময়ে হাজির হলেও শিক্ষকের দেখা মেলে না। তাঁরা কখনোই ঠিকমতো স্কুলে আসেন না। গতকাল সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোনো শিক্ষক না আসায় শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে বিষয়টি মুঠোফোনে জানানো হয়।
পরে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শফিকুর রহমান সেখানে যান। এ সময় স্কুলের দুজন শিক্ষকও আসেন। বেলা পৌনে ১১টার দিকে এলাকাবাসীর সঙ্গে কথা বলে তালা খুলে দেওয়া হয়।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শফিকুর রহমান বলেন, ওই স্কুলের পাশে একটি বেসরকারি বিদ্যালয় তৈরি হচ্ছে। এ জন্য স্থানীয় ব্যক্তিরা সরকারি বিদ্যালয়টির একটি কক্ষ চেয়েছিল। কিন্তু শিক্ষকেরা রাজি না হওয়ায় স্থানীয় কয়েকজন গতকাল এর সুযোগ নেন। বাড়ি দূরে হওয়ায় গতকাল একটু দেরিতে আসায় এলাকাবাসীর সঙ্গে শিক্ষকদের বাগ্বিতণ্ডা হয়। স্কুলটিকে শিক্ষক স্বল্পতা রয়েছে। এ জন্য পাঠদানেও সমস্যা হয়।