শিক্ষক ও অভিভাবকের বিরুদ্ধে মারধরের পাল্টাপাল্টি অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া আদর্শ বিদ্যানিকেতনে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে এবং ওই শিক্ষার্থীর অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। দুটি ঘটনায়ই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে (ইউএনও) অভিযোগ গেছে।
শিক্ষককে মারধরের ঘটনার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে শিক্ষার্থীরা গত বুধবার বিদ্যালয়টির সামনের সড়ক অবরোধ করে। একই দাবিতে গতকাল বৃহস্পতিবার তারা ইউএনও ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বরাবর স্মারকলিপি দিয়েছে।
ভুক্তভোগী শিক্ষক ও স্মারকলিপি সূত্রে জানা যায়, মঙ্গলবার সপ্তম শ্রেণিতে পাঠদানের সময় কয়েকজন শিক্ষার্থী বিশৃঙ্খলা তৈরি করে। এ সময় সহকারী শিক্ষক এ কে এম ওসমান গণি শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থীদের ধমক দেন। এতেও কাজ না হওয়ায় তিনি এক শিক্ষার্থীর হাঁটুর নিচে বেত দিয়ে দুটি আঘাত করেন। এরপর ওই শিক্ষার্থী বেরিয়ে গিয়ে তার বাবা বেলায়েত হোসেন ও চাচা আনিসুর রহমানসহ আসে। আনিসুর রহমান দশম শ্রেণির কক্ষে ঢুকে শিক্ষক ওসমান গণিকে কিল ও ঘুষি মারেন। এতে ওসমান গণি আহত হন। তিনি ঘটনাটি প্রধান শিক্ষক হাফিজুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক মো. শাহজাহানকে জানিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি যান।
শিক্ষক ওসমান গণি বলেন, দুষ্টুমি করায় তিনি ওই শিক্ষার্থীকে বেত দিয়ে মেরেছেন। পরে ওই শিক্ষার্থীর চাচা আনিসুর রহমান তাঁকে কিল-ঘুষি মারেন।
বেলায়েত হোসেন বলেছেন, তাঁরা কেউ ওই শিক্ষককে মারধর করেননি।
ইউএনও আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিকভাবে দুটি ঘটনারই সত্যতা পাওয়া গেছে। দুটি ঘটনাই আইন পরিপন্থী। ঘটনা দুটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।