শিক্ষক ও ইউপি সদস্যের সহায়তায় বাল্যবিবাহ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ছাত্র-ছাত্রীর বাল্যবিবাহ দিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য ও একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ঘটনায় ওই ছাত্রের বাবা ২০ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখারুল ইসলাম খন্দকারের কাছে লিখিত অভিযোগ করেন।
ইউএনও ইফতেখারুল ইসলাম খন্দকার ওই লিখিত অভিযোগটি চার দিন পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে পাঠিয়ে দেন। পরে পুলিশ গত বৃহস্পতিবার বিষয়টির তদন্ত করে।
ওই লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কোষারানীগঞ্জ ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য স্কুলশিক্ষক নবাব আলী ও স্থানীয় শালগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্তুজা মুন্সির সহযোগিতায় গত ৩ সেপ্টেম্বর ওই ইউনিয়নের এক ব্যক্তি তাঁর নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ের (১৫) সঙ্গে তাঁর (অভিযোগকারী) দশম শ্রেণিতে পড়ুয়া ছেলের (১৭) বাল্যবিবাহ দেন।
অভিযোগে আরও বলা হয়, ইউপি সদস্য নবাব আলীর নেতৃত্বে ওই দিন (৩ সেপ্টেম্বর) ওই ছাত্রীর বাড়িতে একটি সালিস বৈঠকে ইউপি সদস্য তাঁর (অভিযোগকারী) ছেলেকে ওই ছাত্রীর সঙ্গে বিবাহ দেওয়ার সিদ্ধান্ত দেন। তিনি প্রতিবাদ জানালে ওই ছাত্রের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করার হুমকি দেন তাঁরা। এ সময় তাঁরা সাদা কাগজে জোর করে তাঁর স্বাক্ষর নেন। পরে ওই দিনই এই নাবালক ছেলেমেয়ের বিয়ে পড়ান গোলাম মোর্তুজা মুন্সি। পরে তিনি ছাত্রীর বাবা, চাচা, ইউপি সদস্য, প্রধান শিক্ষকসহ আটজনের বিরুদ্ধে ইউএনওর কাছে অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে গোলাম মোর্তুজা মুন্সি বলেন, ‘ইউপি মেম্বার ও মেয়ের বাবার ডাকে আমি ওই বাড়িতে গিয়ে দেখি বিয়ের আয়োজন হয়েছে। ইউপি মেম্বার ও মহিলা মেম্বার সামসুন্নাহার বেগমসহ অনেক লোক সেখানে ছিলেন। সবকিছু দেখে বয়স কমের বিষয়টি উপেক্ষা করে আমি বিবাহ পড়িয়েছি।’
ইউপি সদস্য নবাব আলী বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ সত্য না। ছেলে-মেয়ের মধ্যে অনেক দিন ভালোবাসা আছে জেনে বয়স কম হলেও আমি তাদের বিয়ের অনুমতি দিয়েছি।’
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান গতকাল শনিবার বেলা একটায় প্রথম আলোকে বলেন, ‘থানার এক উপপরিদর্শককে (এসআই) বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে পাঠিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে তথ্য বের করা হয়েছে। ’
ইউএনও ইফতেখারুল ইসলাম খন্দকার গতকাল শনিবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ সম্প্রতি পেলেও বিয়েটা আগেই হয়েছে। তাই এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়নি। আমি ছেলের বাবাকে আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি।’