শিক্ষক ও সভাপতির দ্বন্দ্বে বিদ্যালয়ে তালা
প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতির দ্বন্দ্বে বগুড়ার ধুনটে একটি বিদ্যালয়ে একটি পক্ষ তালা ঝুলিয়ে দিয়েছে। এতে ভর্তি পরীক্ষা স্থগিত হয়ে গেছে। গতকাল শনিবার উপজেলার ছাতিয়ানি উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মথুরাপুর ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক ও ছাতিয়ানি উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম ১ জানুয়ারি প্রধান শিক্ষক নিখিল চন্দ্র সরকারকে দুর্নীতির অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করেন। এ ঘটনা নিয়ে তাঁর সঙ্গে প্রধান শিক্ষকের দ্বন্দ্ব দেখা দেয়। গতকাল সকাল ১০টার দিকে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। প্রধান শিক্ষক বিদ্যালয়ে গিয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেন। এই সভাপতি ও তাঁর লোকজন ওই বিদ্যালয়ে গিয়ে বিদ্যালয়ের তিনটি কক্ষে তালা মারেন ও প্রধান শিক্ষক ও তাঁর লোকজনকে পরীক্ষা নিতে বাধা দেন। এ নিয়ে প্রধান শিক্ষকের লোকজন ও সভাপতির লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক অবৈধভাবে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করেছেন। এ কারণে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করে সহকারী প্রধান শিক্ষক নুরুল আমিনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু তিনি তাঁকে দায়িত্ব বুঝে দিচ্ছেন না। এ কারণে বিদ্যালয়ে তালা দেওয়া হয়েছে।
প্রধান শিক্ষক নিখিল চন্দ্র সরকার বলেন, ‘ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিদ্যালয় থেকে অবৈধভাবে আর্থিক সুবিধা নিতে চান। এতে বাধা দেওয়ায় তিনি আমাকে অবৈধভাবে বরখাস্ত করেছেন। তাই কাউকে দায়িত্ব বুঝে দিতে পারি না। এই কারণে সভাপতি ও তাঁর লোকজন এসে বিদ্যালয়ে তালা দিয়ে আমার লোকজনকে মারধর করেছেন। ফলে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে নাই।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, প্রধান শিক্ষক অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।