শিক্ষক-কর্মচারীরা বেতন পাচ্ছেন না তিন মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় মামলার আসামি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতিসহ অন্য তিনজন সদস্য আত্মগোপনে রয়েছেন। ফলে তিন মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালুচ ওএইচকেএম উচ্চবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।
বিদ্যালয়ের শিক্ষক আবু হোসাইন মো. উজ্জ্বল বলেন, ‘আমরা বেসরকারি শিক্ষক-কর্মচারীরা সরকারি সামান্য বেতন দিয়ে সংসার চালাই। তিন মাস ধরে বেতন ও ঈদ বোনাস না পেয়ে খুব কষ্টে আছি। সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নজর না দিলে এ সমস্যার সমাধান হবে না। আর আমরাই বা কেন ভোগান্তির শিকার হব?’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান বলেন, ‘বিদ্যালয়ে ১০ জন শিক্ষক ও তিনজন কর্মচারী আছেন। কমিটির সভাপতিসহ অন্য তিন সদস্যের সাক্ষাৎ না পাওয়ায় বেতন বিলে স্বাক্ষর নিতে পারিনি। তাই বেতন ও বোনাস হয়নি। শিক্ষক-কর্মচারীদের বেতনের জন্য জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে দেখা করেছি। তাঁরা এ ব্যাপারে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পরামর্শ নিতে বলেছেন।’ তিনি দাবি করেন, অক্টোবর মাসের বেতন-ভাতার সরকারি অংশ ১১ নভেম্বর উত্তোলনের শেষ তারিখ ছিল। তাতেও সভাপতিসহ ওই সদস্যরা সই করাতে না পারায় বেতন হয়নি। ফলে তিন মাসের বেতন-ভাতাদির সরকারি অংশ না পেয়ে শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবন কাটাচ্ছেন।
ইউএনও সাইফুর রহমান খান বলেন, ‘বিদ্যালয়ের নিয়মিত কমিটি আছে। বেতন বিলে স্বাক্ষর করার কোনো নির্দেশনা পাইনি। তাই আমিও বিলে সই করিনি।’
বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী সূত্র জানায়, গত ৩ আগস্ট রাতে তালুচ গ্রামে সন্ত্রাসীরা হামলা চালিয়ে আওয়ামী লীগের সমর্থক তিনটি পরিবারের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ওই পরিবারের গৃহকর্তা ও গৃহবধূরা ছয়টি মামলা করেন। ওই ছয়টি মামলায় বিএনপির সমর্থক ১৫ থেকে ১৬ জনকে আসামি করা হয়। এঁদের মধ্যে ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও তিনজন সদস্য রয়েছেন। এঁরা হলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল কালাম, সদস্য আবদুল করিম, ছামাদুল ফকির ও দুলাল হোসেন। মামলার পর থেকে তাঁরা আত্মগোপনে রয়েছেন।