শিক্ষক খুনের ঘটনায় আরও একজন গ্রেপ্তার
নেত্রকোনায় প্রধান শিক্ষককে খুনের ঘটনায় আজ শুক্রবার সন্ধ্যায় শামছুল হক ভাসানী নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হলো। গত বুধবার সকালে জেলার বারহাট্টা উপজেলায় মনাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন বিশ্বাসকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান বলেন, খুনের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে নিহত শিক্ষকের স্ত্রী মায়া রানী বাদী হয়ে বারহাট্টা থানায় মামলা করেন। এতে নাম উল্লেখ করা চারজন ছাড়াও অজ্ঞাত চার-পাঁচ জনকে আসামি করা হয়।
এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন- ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের দুই সদস্য কালাচান ও এ জেড ফুয়াদ খান ওরফে বাবুল ছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামছুল হক ভাসানী এবং কালাচানের ছোট ভাই এমদাদুল হক ওরফে হিরা। এই চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে।