শিক্ষক-ছাত্রলীগ ধস্তাধস্তি, ক্লাস বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার শিক্ষক ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। দুপুর ১২টার দিকে মাৎস্যবিজ্ঞান অনুষদের ভেতরে শিবিরের এক কর্মীকে শিক্ষকেরা মারধর থেকে রক্ষা করতে গেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষক ও ছাত্রলীগের নেতা-কর্মীরা নিজেদের লাঞ্ছিত করার অভিযোগ তুলেছেন। অনুষদের শিক্ষকেরা এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মাৎস্যবিজ্ঞান অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থীদের র‌্যাগডে পালন উপলক্ষে গঠিত কমিটিতে মোহাম্মদ আলী রেজা নামের শিবিরের এক কর্মীকে রাখেন ওই বর্ষের শিক্ষার্থীরা। এতে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্ষিপ্ত হন। ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মী গতকাল অনুষদে গিয়ে শিবিরের ওই কর্মীকে পেটাতে থাকেন। এ সময় রেজা দৌড়ে শিক্ষকদের চেম্বারের দিকে যান। তাঁকে ধরতে ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মনিরুল হাসান ও সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ চেম্বারের দিকে যান। তখন বেশ কয়েকজন শিক্ষক বের হয়ে আসেন। তাঁরা ওই নেতা-কর্মীদের বাধা দিলে শিক্ষকদের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তিতে তিন শিক্ষক ও ছাত্রলীগের চার কর্মী আহত হন।

পরে শিবিরের ওই কর্মী যেন বের হয়ে আসতে না পারেন এবং ছাত্রলীগের নেতা-কর্মীরা যাতে ভবনের ভেতরে ঢুকতে পারেন এ জন্য উভয় পক্ষ অনুষদের ফটকে তালা ঝুলিয়ে দেয়।

এরপর নেতা-কর্মী লাঞ্ছিত হওয়ার অভিযোগ এনে শিক্ষকদের বিচার চেয়ে ও শিবিরের ওই কর্মীকে পুলিশের হাতে তুলে দেওয়ার দাবিতে ছাত্রলীগ মিছিল করতে থাকে।

এদিকে বেলা একটায় অনুষদের সভাকক্ষে এক বৈঠকে শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় জাড়িত ব্যক্তিদের বিচার দাবি করে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত হয়। এ সময় অনুষদের শিক্ষকেরা শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি জানান। পরে পুলিশ এসে শিবিরের ওই কর্মীকে নিয়ে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা চলে যান।

বিকেল সাড়ে চারটার দিকে ছাত্রলীগের ওই দুই নেতাসহ বেশ কয়েকজন কর্মী সাংবাদিক সমিতির কার্যালয়ে এসে বলেন, তাঁরা ওই কর্মীর সঙ্গে আলাপ করতে চাইলে শিক্ষকেরা বাধা দেন। একপর্যায়ে শিক্ষকেরা তাঁদের ওপর চড়াও হন এবং মারধর করেন। এ সময় তাঁদের চারটি মুঠোফোন কেড়ে নেওয়া হয়।

মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন মো. ইদ্রিস মিয়া বলেন, ‘আমি ওই ছাত্রকে নিরাপত্তা না দিতে পেরে প্রক্টরের হাতে তুলে দিই। বিচার না হওয়া পর্যন্ত অনুষদের সবক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। বিষয়টি উপাচার্যকে মৌখিকভাবে জানানো হয়েছে।’ উপাচার্য মো. রফিকুল হক বলেন, ঘটনাটি দুঃখজনক। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।