শিক্ষক নিয়োগ নিয়ে বাণিজ্যের অভিযোগ
সিরাজগঞ্জের সলঙ্গা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির বিরুদ্ধে শিক্ষক নিয়োগ নিয়ে বাণিজ্য করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরে সলঙ্গা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শিক্ষকের পদবঞ্চিত দুই প্রার্থী এ অভিযোগ করেন।
এ সময় লিখিত বক্তব্যে জাকিরুল ইসলাম বলেন, গত মঙ্গলবার সলঙ্গা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান পদে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় তিনি প্রথম এবং হামিদুর নামের একজন দ্বিতীয় স্থান লাভ করেন। পরীক্ষার পর বিদ্যালয়ের সভাপতি আবদুস সালাম ও ব্যবস্থাপনা কমিটির সদস্য জেহাদুল ইসলাম, আকবর হোসেন, স্বপন কুমার শীল ও প্রধান শিক্ষক শ্যামল কুমার ভৌমিক বলেন, ‘যে প্রার্থী বিদ্যালয়ের তহবিলে ১৫ লাখ টাকা দেবেন, তাঁকে এই বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। কমিটির এ অনৈতিক প্রস্তাবে আমরা প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীরা রাজি হইনি। পরে জীবন কুমার নামের এক প্রার্থীর কাছ থেকে ১৫ লাখ টাকা উৎকোচ নিয়ে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাঁকে আলাদাভাবে পরীক্ষার খাতায় লেখার সুযোগ করে দেওয়া হয়। পরে আগের পরীক্ষার ফলাফলের তালিকা বাতিল করে আবার তালিকা তৈরি করে ফলাফল ঘোষণা করা হয়।’
এ বিষয়ে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবদুস সালামের মুঠোফোনে দু-তিনবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।