শিক্ষক নিয়োগ পরীক্ষায় অব্যবস্থাপনার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে গত শুক্রবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় বিভিন্ন কেন্দ্রে অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। পরীক্ষাকেন্দ্রে দুজনের আসনে তিনজন, একজনের আসনে দুজন বসে পরীক্ষা দিতেও দেখা গেছে।
প্রবেশপত্রে উল্লেখ করা কেন্দ্র ও আসন খুঁজে না পেয়ে অনেক পরীক্ষার্থী বাড়ি ফিরে গেছেন। পরীক্ষার হলে একাধিক পরীক্ষার্থীকে মুঠোফোনে কথা বলতে দেখা গেছে। গাজীপুরের চান্দনা হাইস্কুল অ্যান্ড কলেজ এবং শহীদ স্মৃতি হাইস্কুল কেন্দ্রে এ অবস্থা দেখা গেছে।
পরীক্ষার্থীদের অনেকে অভিযোগ করেছেন, কেন্দ্র খুঁজে না পেয়ে তাঁরা পাশের অন্য কেন্দ্রে গিয়ে শিক্ষা কর্মকর্তাদের সহায়তা চাইলে তাঁরা আশপাশের বিভিন্ন কেন্দ্রে পাঠিয়ে দেন। অনেকে আসন না পেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেছেন।
জেলার কালীগঞ্জ উপজেলা থেকে আসা পরীক্ষার্থী শিলা রাণী দাস বলেন, তাঁর প্রবেশপত্রে পরীক্ষাকেন্দ্রের নাম লেখা ছিল ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ। বাস্তবে ওই কলেজে এ নিয়োগ পরীক্ষার কোনো কেন্দ্রই নেই। পরে তিনি পরীক্ষা শুরুর প্রায় আধা ঘণ্টা পর জেলা শহরের শহীদ স্মৃতি হাইস্কুল কেন্দ্রে পরীক্ষা দেন। একই অভিযোগ করেন গাজীপুর সদর এলাকার খাইরুন্নাহার ও কালিয়াকৈরের আসমা আক্তার। একইভাবে ধান গবেষণা ইনস্টিটিউট হাইস্কুলে কোনো কেন্দ্র স্থাপন করা না হলেও অনেকের প্রবেশপত্রে পরীক্ষাকেন্দ্রের নামের স্থলে ওই স্কুলের নাম লেখা ছিল।
চান্দনা হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায় দুজনের আসনে তিনজন, একজনের আসনে দুজন বসে দেখাদেখি করে পরীক্ষা দিচ্ছেন। কেন্দ্রে বসেই এক পরীক্ষার্থীকে কথা বলতে দেখে এ প্রতিবেদক ওই কলেজের অধ্যক্ষকে জানালে ওই পরীক্ষার্থীর উত্তরপত্র ও মুঠোফোন জমা নেওয়া হয়। অধ্যক্ষ মজিবুর রহমান বলেন, তাঁর কেন্দ্রে আসনের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি থাকায় বেঞ্চে অতিরিক্ত পরীক্ষার্থী বসাতে হয়েছে। একই কারণে অবস্থা সামাল দিতে কক্ষে পরিদর্শকদের বেগ পেতে হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, কিছুটা এলোমেলো হয়েছে। পরবর্তী সময়ে যাতে এমনটা না হয়, সে ব্যাপারে গুরুত্বসহকারে দেখা হবে।