শিক্ষক নিয়োগে অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। পছন্দের প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র দেওয়া হয়নি।
গত শনিবার দুপুরে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম ও পদার্থবিজ্ঞান বিষয়ে ওই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিধি অনুযায়ী, অন্তত সাত কার্যদিবস আগে পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র ছাড়তে হবে। অভিযোগ উঠেছে, তা না করে মোটা অঙ্কের নিয়োগ-বাণিজ্য করা হয়েছে। এ কারণে ১১ জন প্রার্থী পরীক্ষায় অংশ নিতে পেরেছেন। নিয়োগ পেয়েছেন পাঁচজন।
নাম প্রকাশ না করার শর্তে পদার্থবিজ্ঞান বিষয়ে আবেদনকারী এক প্রার্থী বলেন, ‘নিয়োগ পেতে খরচ বাবদ ছয় লাখ টাকা দাবি করেন নিয়োগ বোর্ডের এক প্রভাবশালী সদস্য। চার লাখ দিতে রাজিও হয়েছি। কিন্তু তাতে রাজি হননি ওই সদস্য। এ কারণে আমাকে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র দেওয়া হয়নি।’
একই বিষয়ে আবেদনকারী প্রার্থী আজিজুন নেছা আছমা বলেন, ‘এত দিন শুনেছি পছন্দের প্রার্থীকে দু-এক দিন আগে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র দিয়ে তাঁকে প্রথম বানিয়ে নিয়োগ দেওয়া হতো। এবার দেখলাম তার ব্যতিক্রম। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্রই দেওয়া হয়নি।’ তিনিসহ আরও চার প্রার্থী এই নিয়োগ বাতিলের দাবি জানান।
অভিযোগ অস্বীকার করে শিক্ষক নিয়োগ বোর্ডের সভাপতি ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আনিচুর রহমান বলেন, অন্তত ২৪ ঘণ্টা আগে প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র পৌঁছে দেওয়া উচিত। আর এ কাজ অধ্যক্ষ করবেন। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মশিউর রহমান তালুকদার প্রবেশপত্র না দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, যাঁরা পাননি, তাঁরা অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছিলেন।